শুষ্ক বাতাসের কারণে ক্যালিফোর্নিয়াজুড়ে ছড়াচ্ছে দাবানল, ঘরবাড়ি ভস্মীভূত

আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে তিনটি ভয়াবহ দাবানল। অঞ্চলটির ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র ও শুষ্ক ‘সান্তা আনা’ বাতাসের কারণে আগুন দ্রুত জনবসতিতে ছড়িয়ে পড়েছে।সবচেয়ে মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে, যেখানে ‘নর্তে ফায়ার’-এর ভয়াবহ শিখায় একাধিক ঘরবাড়ি ভস্মীভূত হয়েছে এবং লোকজনকে ঘরবাড়ি ছেড়ে যাওয়ার জরুরি নির্দেশ জারি করা হয়েছে।  

ফক্স নিউজ জানিয়েছে, শুক্রবার (১৬ অক্টোবর) অরেঞ্জ কাউন্টিতে আচমকা শুরু হওয়া ‘নর্তে ফায়ার’ মুহূর্তের মধ্যে প্রায় ৪৬৫ একর এলাকাজুড়ে বিস্তৃত হয়। অরেঞ্জ কাউন্টি ফায়ার চিফ মার্ক ব্যাকফ জানিয়েছেন, দাবানলের আগুনে ৬টি বাড়ি সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঁচটি এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।এ ছাড়া আগুন নেভাতে গিয়ে তীব্র গরমে একজন দমকলকর্মী অসুস্থ হয়ে পড়েছেন।

কেবল অরেঞ্জ কাউন্টিই নয়, ক্যালিফোর্নিয়ার অন্যান্য অঞ্চলেও দাবানল ছড়িয়ে পড়েছে। মালিবুতে ‘ব্রাইসন ফায়ার’ নামক একটি দাবানল অন্তত ২০০ একর এলাকা পুড়িয়ে দিয়েছে, যার ফলে স্থানীয় অধিবাসীদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সান দিয়েগো কাউন্টির ক্যাম্প পেন্ডলটনের কাছে ছড়িয়ে পড়া ‘হেন্ডারসন ফায়ার’ প্রায় ২,০৮০ একর এলাকা গ্রাস করেছে।মহাসড়কের দুই পাশে আগুন জ্বলতে থাকায় ৫ নম্বর ইন্টারস্টেট হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়।

আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর একটি বিশাল উচ্চচাপ বলয় তৈরি হওয়ায় সান্তা আনা বাতাস তীব্র গতিতে বয়ে চলেছে। পাহাড়ি এলাকাগুলোতে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৭০ মাইল এবং উপকূলীয় অঞ্চলে ৪০ থেকে ৫০ মাইল পর্যন্ত পৌঁছাচ্ছে। লস অ্যাঞ্জেলেস ও ভেনচুরা কাউন্টি গত ছয় মাস ধরে প্রচণ্ড শুষ্ক থাকায় যেকোনো ছোট স্ফুলিঙ্গ মুহূর্তেই অনিয়ন্ত্রিত আগুনে রূপ নিচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম রাজ্য উদ্ধার ও অপারেশন সেন্টারকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছেন।লস অ্যাঞ্জেলেস অগ্নিনির্বাপক দল সান ফার্নান্দো ভ্যালি, হলিউড হিলস এবং সান্তা মনিকা পর্বতমালা জুড়ে আগে থেকেই বাড়তি দমকলকর্মী মোতায়েন করেছে। আবহাওয়াবিদদের মতে, শনিবার (১৭ অক্টোবর) থেকে বাতাসের তীব্রতা কিছুটা কমতে পারে।

LEAVE A REPLY