বিয়ে করছেন অনিরুদ্ধ-কাব্যা

ভারতের সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর ও সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাব্যা মারান বিয়ে করতে যাচ্ছেন। আগামী নভেম্বরে তাদের বিয়ের আয়োজন হতে পারে।তবে বিয়ের নির্দিষ্ট তারিখ ও স্থান আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তাদের বিয়ের সংবর্ধনা আগামী ২১ নভেম্বর ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংবর্ধনার তারিখ জানান। তিনি লেখেন, সান গ্রুপের চেয়ারম্যান কালানিথি মারান ও তার স্ত্রী কাভেরি মারান হায়দরাবাদের জুবিলি হিলসে তার বাসভবনে গিয়ে মেয়ের বিয়ের সংবর্ধনায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

মুখ্যমন্ত্রীর পোস্টে অনিরুদ্ধ ও কাব্যার সংবর্ধনার কথা প্রকাশ্যে আসার পর তাদের বিয়ের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে অনিরুদ্ধ ও কাব্যা নিজেরা এখনো বিয়ের বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানাননি।

দীর্ঘদিন ধরে চলছিল গুঞ্জন

অনিরুদ্ধ ও কাব্যার সম্পর্ক নিয়ে ২০২৫ সাল থেকে গুঞ্জন ছড়িয়ে পড়ে। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে একটি পোস্টে দাবি করা হয়েছিল, তারা সম্পর্কে রয়েছেন এবং দুই পরিবার বিয়ে নিয়ে আলোচনা করছে।

তখন অনিরুদ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন। মজার ছলে তিনি লিখেছিলেন, ‘বিয়ে? হা হা! শান্ত হন সবাই, দয়া করে গুজব ছড়ানো বন্ধ করুন।’

তবে এরপরও তাদের সম্পর্ক ও বিয়ে নিয়ে আলোচনা চলতে থাকে। ২০২৬ সালের জুনে অনিরুদ্ধের চাচা অভিনেতা ওয়াই জি মহেন্দ্র এক সাক্ষাৎকারে তার বিয়ের বিষয়ে কথা বলেন। তিনি জানান, তাকে বলা হয়েছে অনিরুদ্ধের বিয়ে নিশ্চিত।

কে এই কাব্যা মারান?

কাব্যা মারান ভারতের ব্যবসায়ী কালানিথি মারানের মেয়ে। কালানিথি মারান সান গ্রুপের চেয়ারম্যান। এই প্রতিষ্ঠানের সঙ্গে টেলিভিশন, গণমাধ্যম ও বিনোদন ব্যবসা যুক্ত। কাব্যা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পরিচিত।

অন্যদিকে, অনিরুদ্ধ রবিচন্দর তামিল চলচ্চিত্রের পরিচিত সংগীত পরিচালক ও সুরকার। দক্ষিণী সিনেমার একাধিক জনপ্রিয় গানে সংগীত পরিচালনার মাধ্যমে তিনি পরিচিতি পেয়েছেন।

দীর্ঘদিনের গুঞ্জনের পর এবার কাব্যার পরিবারের পক্ষ থেকে সংবর্ধনার আমন্ত্রণের খবর প্রকাশ্যে এসেছে। তবে বিয়ের অন্যান্য আয়োজন সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

LEAVE A REPLY