‘কাহিনি এখনো বাকি’ গানে নব্বই দশকের নস্টালজিয়া

মুক্তির অপেক্ষায় থাকা ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’র রোমান্টিক গান ‘কাহিনি এখনো বাকি’ প্রকাশ পেয়েছে। গান প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।বিশেষ করে নাওভী ও লাবণ্যের মিষ্টি রসায়ন নজর কেড়েছে শ্রোতা-দর্শকদের।

‘কাহিনি এখনো বাকি’ শুনলেই যেন ফিরে যাওয়া যায় নব্বই দশকের চেনা রোমান্টিক আবহে। গানের সুরে বলিউডের জনপ্রিয় ‘তুঝে দেখা তো ইয়ে জানা সানাম’ গানের হালকা ছোঁয়া থাকায় পুরোনো দিনের প্রেমের নস্টালজিয়াও নতুন করে ধরা দিয়েছে।

ক্লাসিক রোমান্সের সেই আবহের সঙ্গে আধুনিক সংগীতের মেজাজ মিলিয়ে গানটিতে তৈরি হয়েছে ভিন্ন স্বাদের অনুভূতি।গানটির সুর ও কথা লিখেছেন সৈয়দ নাফিস। দ্বৈত কণ্ঠে গানটি গেয়েছেন সৈয়দ নাফিস ও মৌমিতা বড়ুয়া। মিউজিক ভিডিওতে আরমান বিন মাহমুদের উপস্থিতিও গল্পের আবহকে আরও সমৃদ্ধ করেছে।

‘মিশন ডিডিএলজে’ নির্মাণ করেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক।দৃষ্টিনন্দন লোকেশন, কোমল রঙের ব্যবহার ও সাবলীল উপস্থাপনায় রোমান্টিক আবহ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।

ফলে ‘কাহিনি এখনো বাকি’ শুধু শ্রুতিমধুর গান হিসেবেই নয়, এর দৃশ্যায়নও দর্শকদের আগ্রহ বাড়াচ্ছে। গান প্রকাশের পর ‘মিশন ডিডিএলজে’ নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।

Naovi-Labonno

ওয়েব ফিল্মটির নামেও রয়েছে একটি ‘হিডেন স্টোরি’। গল্পের ভেতরে লুকিয়ে থাকা সেই রহস্য এখনই প্রকাশ করতে নারাজ নির্মাতা।পুরো বিষয়টি জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে ওয়েব ফিল্মটি মুক্তি পর্যন্ত।

নির্মাতা বলেন, ‘এটি মূলত একটি রোমান্টিক কমেডি ঘরানার গল্প। প্রায় ৮০ মিনিটের এই ওয়েব ফিল্মে নব্বই দশকের প্রেমের আবহকে বর্তমান সময়ের দর্শকদের কাছে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছি। নতুন জুটি হিসেবে নাওভী ও লাবণ্য দারুণ অভিনয় করেছেন। তাদের রসায়ন দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। পাশাপাশি গল্পটিও দর্শকদের অন্যরকম আনন্দ দেবে।’

ওয়েব ফিল্মটির নির্বাহী প্রযোজক আশেক হোসেন তন্ময় জানিয়েছেন, আগামী ২৫ সেপ্টেম্বর আইস্ক্রিনে মুক্তি পাবে ‘মিশন ডিডিএলজে’।

LEAVE A REPLY