পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন অভিনেত্রী ভানিজা সাত্তার। বারবার এমন ভিত্তিহীন খবর ছড়িয়ে পড়ায় হতাশা জানিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, তারকাদের নিয়ে যাচাই না করা তথ্য কেন বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়?
‘কুচ আনকাহি’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া ভানিজা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।নিজের অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ওহ মাই গড! আবারও!’
তারকাদের নিয়ে চটকদার ও ভিত্তিহীন দাবি ছড়িয়ে দেওয়ার প্রবণতারও সমালোচনা করেছেন এই অভিনেত্রী। তার মতে, কিছু মানুষ কেবল মনোযোগ আকর্ষণ, দর্শকসংখ্যা বাড়ানো এবং অনলাইনে আলোচনা তৈরির উদ্দেশ্যে এমন গুঞ্জন ছড়ান। অথচ জনসমক্ষে আলোচনার মতো অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকলেও সেগুলোর পরিবর্তে মনগড়া গল্পই বেশি গুরুত্ব পায়।
শোয়েব মালিকের সঙ্গে নিজের নাম জড়িয়ে বিয়ের গুঞ্জন ছড়ানোর ঘটনা অবশ্য এবারই প্রথম নয়।এর আগেও বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলেছেন ভানিজা। সে সময় তিনি স্পষ্ট জানিয়েছিলেন, সাবেক এই ক্রিকেটারের সঙ্গে তার কখনো সরাসরি দেখাই হয়নি। তাহলে তাদের দুজনকে নিয়ে এমন গুঞ্জন কীভাবে শুরু হলো, সেই প্রশ্নও তুলেছিলেন তিনি।
প্রথম দিকে বিষয়টিকে নিছক রসিকতা হিসেবে দেখলেও একপর্যায়ে তা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় অভিনেত্রীর জন্য।ভানিজা জানান, এই গুঞ্জন তার ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলতে শুরু করে। খবরটির সত্যতা জানতে তার বন্ধু ও আত্মীয়স্বজন পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। শোয়েব মালিকের সঙ্গে তার বিয়ের খবরটি সত্য কি না, তা জানতেও চান তারা।
এমন পরিস্থিতিতে তারকাদের নিয়ে কোনো তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আগে তা যাচাই করার আহ্বান জানিয়েছেন ভানিজা। একই সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।অনলাইনে জনপ্রিয়তা কিংবা দর্শকসংখ্যা বাড়ানোর আশায় ভিত্তিহীন গুঞ্জন ছড়িয়ে দেওয়ার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন এই অভিনেত্রী।










































