পর্দায় ‘দৃশ্যম’-এর বিজয় সালগাঁওকর যতই ঠাণ্ডা মাথায় একের পর এক সংকট সামলান, বাস্তবে এবার নিজের বাংলো নিয়েই বিপাকে পড়েছেন অভিনেতা অজয় দেবগন। মুম্বাইয়ের জুহুতে তার বাংলোয় কথিত অনুমোদনহীন নির্মাণের কিছু অংশ ভেঙে দিয়েছে বৃহন্মুম্বাই পৌর করপোরেশন (বিএমসি)।আর এ ঘটনা সামনে এলো এমন এক সময়ে, যখন তার নতুন ছবি ‘দৃশ্যম ৩ : দ্য কনক্লুশন’ বক্স অফিসে দাপট দেখাচ্ছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার মুম্বাইয়ের জুহুর কাপোল কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত প্রায় ৭ হাজার ৮০২ বর্গফুটের বাংলোটিতে অভিযান চালায় পৌর কর্তৃপক্ষ। বিএমসির অভিযোগ, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই বাড়িটির ভেতরে দেয়াল তুলে কক্ষ ভাগ করা, জানালায় পরিবর্তন আনা এবং অন্যান্য কাঠামোগত কাজ করা হচ্ছিল।
কর্তৃপক্ষ জানায়, গত ১০ সেপ্টেম্বর নির্মাণকাজ বন্ধের নোটিশ দিয়ে প্রয়োজনীয় অনুমোদনের নথিপত্র জমা দিতে বলা হয়েছিল।কিন্তু নোটিশের পরও কাজ চলতে থাকায় শেষ পর্যন্ত বাংলোর কিছু অংশ ভেঙে দেওয়া হয়। প্রকাশিত ভিডিওতে শ্রমিকদের হাতুড়ি দিয়ে বাড়িটির ভেতরের বিভিন্ন অংশ ভাঙতে দেখা গেছে।
বাংলোটি ঘিরে বিরোধের সূত্রপাত সেখানে সেলুন ও স্পা চালুর পরিকল্পনাকে কেন্দ্র করে। স্থানীয় বাসিন্দাদের একাংশ আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার বিষয়ে আপত্তি জানান।বিষয়টি নিয়ে আপত্তি ওঠার পরই বাংলোটির নির্মাণকাজ ও প্রয়োজনীয় অনুমোদন নিয়ে প্রশ্ন সামনে আসে।
অন্যদিকে, অজয় দেবগনের পরিবারের পক্ষ থেকে এর আগে দাবি করা হয়েছিল, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে। পৌর কর্তৃপক্ষের নোটিশের জবাব দেওয়ার জন্য চার সপ্তাহ সময়ও চাওয়া হয়েছিল। তবে সেই অবস্থানের মধ্যেই বাংলোর কিছু অংশ ভেঙে দেওয়ার ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ব্যক্তিগত সম্পত্তি নিয়ে এই জটিলতার মধ্যেও পেশাগত জীবনে দারুণ সময় কাটছে অজয়ের।২ অক্টোবর মুক্তি পাওয়া ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ বক্স অফিসে বড় সাফল্য পেয়েছে। মুক্তির ১৫ দিনের মাথায় ছবিটির বিশ্বব্যাপী আয় প্রায় ৫২০ কোটি রুপি ছাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শুধু ভারতেই ছবিটির নিট আয় ৩৩৫ কোটি রুপির বেশি। প্রধান চরিত্রে অজয় দেবগন অভিনীত ছবিগুলোর মধ্যে এটিকে তার ক্যারিয়ারের সর্বোচ্চ আয় করা ছবি হিসেবে উল্লেখ করা হচ্ছে।
অভিষেক পাঠক পরিচালিত এই ছবিতে আবারও বিজয় সালগাঁওকর চরিত্রে ফিরেছেন অজয়। তাঁর সঙ্গে অভিনয় করেছেন টাবু, শ্রিয়া সরন, রজত কাপুর ও ইশিতা দত্ত। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, জনপ্রিয় ‘দৃশ্যম’ ধারাবাহিকের এটিই শেষ অধ্যায়।









































