ভারতীয় সিনেমা ও টেলিভিশনে নারীদের উপস্থাপনায় পরিবর্তনের প্রশংসা করেছেন অভিনেত্রী ফ্রিদা পিন্টো। তার মতে, শুধু নিখুঁত ও নীতিবান নারী চরিত্র নয়, বরং ভুলত্রুটিসহ বাস্তব জীবনের মানুষের মতো চরিত্রগুলোই দর্শকের কাছে বেশি আকর্ষণীয় ও বিশ্বাসযোগ্য।
বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রিদা বলেন, ত্রুটিপূর্ণ চরিত্রগুলো তার কাছে বেশি আকর্ষণীয় মনে হয়। কারণ, এসব চরিত্রের সঙ্গে দর্শক সহজেই নিজেদের মিল খুঁজে পান। তার ভাষায়, ‘যেসব কিছু নিখুঁত, সেগুলো একঘেয়ে এবং সেগুলোর সঙ্গে নিজেদের মেলানো যায় না।’
ফ্রিদা আশা প্রকাশ করেন, ভারতীয় বিনোদনজগতে সৃজনশীলতার আরো বিস্তার ঘটবে।বিশেষ করে তরুণদের নতুন চিন্তা ও ভাবনাগুলো যেন বাধাগ্রস্ত, প্রত্যাখ্যাত বা দমিয়ে দেওয়া না হয়, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি।
২০০৮ সালে অস্কারজয়ী চলচ্চিত্র স্লামডগ মিলিয়নিয়ার-এ লাতিকার চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পান ফ্রিদা পিন্টো। পরে রাইজ অব দ্য প্ল্যানেট অব দ্য এপস, ইমর্টালস, ত্রিশনা ও লাভ সোনিয়াসহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।
২০১৮ সালে এমিলি ভেরেলেন স্ট্রমের সঙ্গে ‘ফ্রিবার্ড ফিল্মস’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানও চালু করেন ফ্রিদা।তাকে সর্বশেষ দেখা গেছে অ্যাপল টিভির থ্রিলার সিরিজ সারফেস-এ।









































