বোন কেন্ডাল জেনার ও অভিনেতা জ্যাকব এলর্ডির প্রেমের সম্পর্ক ঘিরে হিংসা ও হতাশায় ভুগছেন কাইলি জেনার। কেন্ডালের সঙ্গে জ্যাকবের সম্পর্ক বিয়ের দিকে এগোতে পারে—এমন গুঞ্জনের মধ্যে নিজের প্রেমিক টিমোথি শ্যালামেকে বিয়ের প্রস্তাব দেওয়ার বিষয়ে চাপ দিচ্ছেন কাইলি।মার্কিন বিনোদনবিষয়ক সাময়িকী ওকে!-এর এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে এমন দাবি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, কাইলি ও টিমোথি দীর্ঘদিন ধরে সম্পর্কে থাকলেও তাদের ঘনিষ্ঠজনদের কেউ কেউ মনে করছেন, কেন্ডাল ও জ্যাকবের বিয়ে তাদের আগেই হতে পারে। বিষয়টি কাইলির মধ্যে ঈর্ষা ও হতাশা তৈরি করছে বলে দাবি ওই সূত্রের।
সূত্রটির ভাষ্য, কাইলি এখন বাগদানের জন্য প্রস্তুত।তিনি টিমোথিকে বুঝিয়েছেন, তাদের সম্পর্কের ভবিষ্যৎ হিসেবে বিয়েকেই দেখছেন। তবে টিমোথিকে সরাসরি বিয়ের জন্য কোনো চূড়ান্ত শর্ত দেননি কাইলি। বরং নিজের ইচ্ছার কথা জানিয়ে আশা করছেন, টিমোথি শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

বিয়ের জন্য এখনো প্রস্তুত নন টিমোথি
প্রতিবেদনে দাবি করা হয়েছে, টিমোথি কাইলিকে ভালোবাসেন এবং তাদের সম্পর্কের ব্যাপারে আন্তরিক।তবে এখনই বিয়ের সিদ্ধান্ত নেওয়ার মতো প্রস্তুতি তার নেই।
সূত্রটির ভাষ্য, টিমোথি যদি শিগগিরই বিয়ের প্রস্তাব দেন, তাহলে সেটি নিজের ইচ্ছার চেয়ে চাপের কারণে হতে পারে—এমন ধারণাও রয়েছে তাদের ঘনিষ্ঠজনদের মধ্যে।

কেন্ডাল-জ্যাকবের সম্পর্ক এগোচ্ছে দ্রুত
প্রতিবেদনে বলা হয়েছে, কেন্ডালের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে জ্যাকব বেশ আত্মবিশ্বাসী। তাদের সম্পর্ক দ্রুত এগোচ্ছে এবং দুজনের মধ্যে ভবিষ্যৎ নিয়ে বোঝাপড়া ও পরিণত মনোভাব রয়েছে বলেও দাবি করেছেন ওই সূত্র।
অন্যদিকে, কাইলি ও টিমোথির সম্পর্ককে তুলনামূলকভাবে স্বচ্ছন্দ ও আনন্দময় হিসেবে বর্ণনা করা হয়েছে।তবে বিয়ের বিষয়ে দুজনের অবস্থান এক নয় বলে দাবি করা হচ্ছে।
২০২৩ সালের এপ্রিলে কাইলি ও টিমোথির প্রেমের গুঞ্জন ছড়ায়। এর আগে র্যাপার ট্রাভিস স্কটের সঙ্গে সম্পর্কে ছিলেন কাইলি। ২০১৭ সাল থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত তাদের সম্পর্ক ছিল। তাদের দুই সন্তান—মেয়ে স্টর্মি ও ছেলে আইরে।
এদিকে, কেন্ডাল ও জ্যাকবের সম্পর্ক নিয়ে চলতি বছরের শুরুতে গুঞ্জন ছড়ায়। পরে জুনে অস্ট্রেলিয়া সফরের সময় তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে কাইলি, কেন্ডাল, টিমোথি বা জ্যাকব—কেউই এ বিষয়ে প্রকাশ্যে কোনো বক্তব্য দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।










































