কুসুমকে কেন ‘পুটলি’ নামে ডাকতেন প্রসেনজিৎ?

শুটিং সেটে কুসুম শিকদারকে মজার একটি নামে ডাকতেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নামটি ‘পুটলি’।শুধু প্রসেনজিৎ নন, ‘শঙ্খচিল’ সিনেমার পরিচালক গৌতম ঘোষও অভিনেত্রীকে এই নামে ডাকতেন। কিন্তু কী কারণে এমন নাম পেয়েছিলেন কুসুম?

প্রায় ১১ বছর আগে যৌথ প্রযোজনার সিনেমা ‘শঙ্খচিল’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও বাংলাদেশের অভিনেত্রী কুসুম শিকদার। সিনেমাটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রের স্বীকৃতি পায়। অন্যদিকে, এই সিনেমায় অভিনয়ের জন্য বাংলাদেশে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন কুসুম।

সম্প্রতি নিজের জীবনের নানা জানা-অজানা গল্প তুলে ধরেছেন এই অভিনেত্রী। একটি পডকাস্টে অংশ নিয়ে ‘শঙ্খচিল’-এর শুটিংয়ের সেই মজার অভিজ্ঞতার কথা জানান তিনি।

কুসুম জানান, শুটিংয়ে প্রতিদিন প্রয়োজনীয় নানা জিনিসপত্র একটি ব্যাগে ভরে নিয়ে আসতেন তিনি। তার ব্যাগে প্রায় সব ধরনের দরকারি জিনিসই পাওয়া যেত।আর এ কারণেই মজা করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও গৌতম ঘোষ তাকে ‘পুটলি’ নামে ডাকতেন।

জানা গেছে, খুব শিগগিরই দ্বিতীয় সিনেমার কাজ শুরু করতে চান কুসুম। এবার অপরাধ-রহস্য ঘরানার গল্প নিয়ে দর্শকদের সামনে আসার পরিকল্পনা করছেন অভিনেত্রী। সিনেমাটির মূল গল্প তার নিজের হলেও চিত্রনাট্য তৈরির জন্য উপযুক্ত চিত্রনাট্যকার খুঁজছেন তিনি।

LEAVE A REPLY