দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করল কাব্য মারান ও অনিরুদ্ধ রবীচন্দর জুটি। ১১ নভেম্বর গ্রিসে ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অনিরুদ্ধ ও কাব্য।আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে বসতে চলেছে তাঁদের গ্র্যান্ড রিসেপশনের আসর, যেখানে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ক্রিকেট ও কর্পোরেট দুনিয়ার শীর্ষ তারকাদের চাঁদের হাট বসবে।
এই সময়ের প্রতিবেদন অনুযায়ী, এই হাই প্রোফাইল বিয়ের খবরের সঙ্গে সাধারণ মানুষের কৌতূহল তুঙ্গে উঠেছে নবদম্পতির বিপুল সম্পত্তি ও আর্থিক সাম্রাজ্য নিয়ে। ২০১২ সালে তামিল ছবি ‘৩’-এর বিশ্বজুড়ে ভাইরাল হওয়া গান ‘হোয়াই দিস কোলাভেরি ডি’-র মাধ্যমে রাতারাতি আন্তর্জাতিক খ্যাতি পেয়েছিলেন অনিরুদ্ধ রবিচন্দর। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।
রজনীকান্ত, থালাপতি বিজয়, অজিত কুমার থেকে শুরু করে বলিউডে শাহরুখ খানের ব্লকবাস্টার ছবি ‘জওয়ান’-এ সুর দিয়ে নিজেকে দেশের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত সংগীত পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
‘ফিল্মিবিট’-এর প্রতিবেদন অনুসারে, বর্তমানে অনিরুদ্ধের আনুমানিক ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ প্রায় ৬০ কোটি টাকা। সিনেমার গান, ব্যাকগ্রাউন্ড মিউজিক ও বিশ্বজুড়ে মেগা লাইভ কনসার্ট থেকে বিপুল অর্থ উপার্জন করেন তিনি। সম্প্রতি লোকেশ কানাগরাজ ও আল্লু অর্জুনের বহু প্রতীক্ষিত ছবি ‘এএ২৩’-র সঙ্গীতের দায়িত্বও পেয়েছেন অনিরুদ্ধ।
অন্যদিকে, কাব্য মারান ভারতের অন্যতম বৃহৎ মিডিয়া গোষ্ঠী সান গ্রুপের চেয়ারম্যান কলানিধি মারানের কন্যা। সান টিভি নেটওয়ার্কের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে পারিবারিক ব্যবসার হাল ধরার পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজ় সানরাইজার্স হায়দরাবাদের (এসআরএস) সহ-কর্ণধার হিসেবে তিনি গোটা দেশে পরিচিত। আইপিএল নিলামের টেবিল হোক বা গ্যালারিতে দলের হয়ে গলা ফাটানো—কাব্য মারান বরাবরই ক্যামেরার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন। শুধু সানরাইজার্স হায়দরাবাদ নয়, পুরো সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির কর্ণধার তিনি।
বাণিজ্যিক মহলের অনুমান, কাব্য মারানের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ৪০০ কোটি থেকে ৫০০ কোটি টাকার মধ্যে।যদিও মারান পরিবারের পক্ষ থেকে ব্যক্তিগত সম্পত্তির কোনো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করা হয়নি, তবু বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বিয়ের পর অনিরুদ্ধ ও কাব্যর সম্মিলিত সম্পত্তির পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ৪৫০ থেকে ৫৫০ কোটি টাকা।
উল্লেখ্য, বিয়ের এই গুঞ্জন সবচেয়ে বেশি গতি পেয়েছিল গত ১৫ অক্টোবর, রজনীকান্তের বহুল প্রতীক্ষিত ছবি ‘জেলার ২’ মুক্তির দিন। সেদিন চেন্নাইয়ের বিখ্যাত ভেট্রি থিয়েটারে দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি দেখেছিলেন অনিরুদ্ধ ও কাব্য। নেলসন দিলীপকুমার পরিচালিত এই ছবিটিতে অনিরুদ্ধ যেমন সুর দিয়েছেন, তেমনই প্রযোজনার গুরুত্বপূর্ণ অংশীদার ছিলেন কাব্য মারান।










































