নিউ ইয়র্কে ভবন ধসে নিহত ২

রয়টার্স ছবি

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ব্রুকলিনে একটি তিনতলা ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।এ ছাড়াও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা।

নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকার একটি আবাসিক ও বাণিজ্যিক ভবন ধসে এই হতাহতের ঘটনা ঘটে। এলাকাটিতে মূলত কৃষ্ণাঙ্গ ও আফ্রো-ক্যারিবিয়ান সম্প্রদায়ের মানুষের বসবাস। স্থানীয় সময় বুধবার বিকেল ৪টার দিকে সেখানে উদ্ধার অভিযান শুরু হয়।

নিউ ইয়র্ক নগরীর মেয়র জোহরান মামদানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে উদ্ধার তৎপরতার সর্বশেষ তথ্য জানান এবং সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেন।

নিউ ইয়র্ক নগরীর দমকল পরিষেবার (এফডিএনওয়াই) কমিশনার লিলিয়ান বনসিনইয়োর জানান, ভবনটি পাশের একটি নির্মাণস্থলের ওপর ধসে পড়ায় ভেতরে থাকা বাসিন্দা ও নির্মাণশ্রমিকরা আটকা পড়েন।

এফডিএনওয়াই প্রধান জন এসপোসিটো জানান, দুর্ঘটনার সময় নির্মাণশ্রমিকরা সেখানে খননকাজ করছিলেন। ধ্বংসস্তূপ থেকে অন্তঃসত্ত্বা এক নারীকে উদ্ধার করা হয়েছে।আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক এবং ১২ জন স্থিতিশীল রয়েছেন।

এ ছাড়া উদ্ধারকাজ চালাতে গিয়ে সামান্য আহত এক দমকলকর্মীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আরো কেউ আটকা পড়ে আছেন কি না, তা শনাক্ত করতে ড্রোন মোতায়েন করেছে দমকল পরিষেবা।

LEAVE A REPLY