সকালের নাশতা কিংবা বিকেলের আড্ডা—চা ছাড়া অনেকেরই দিন যেন পূর্ণ হয় না। নিয়মিত চা পান করতে গিয়ে কাপের ভেতরে বাদামি দাগ পড়ে যায়।বিশেষ করে সাদা সিরামিক বা চীনামাটির কাপে এসব দাগ সহজে চোখে পড়ে। সাধারণ সাবান বা ডিশওয়াশ দিয়ে ধোয়ার পরও অনেক সময় দাগ পুরোপুরি দূর হয় না। তবে ঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ ব্যবহার করেই চায়ের কাপ পরিষ্কার রাখা সম্ভব।
বেকিং সোডা
চায়ের কাপের দাগ দূর করতে বেকিং সোডা বেশ কার্যকর।সামান্য বেকিং সোডার সঙ্গে কয়েক ফোঁটা পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার কাপের দাগযুক্ত অংশে লাগিয়ে নরম স্পঞ্জ দিয়ে আলতো করে ঘষুন। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
লেবুর রস
লেবুর প্রাকৃতিক অম্লীয় উপাদান কাপের বাদামি দাগ পরিষ্কার করতে সাহায্য করে।কাপের ভেতরে সামান্য লেবুর রস দিয়ে কয়েক মিনিট রেখে দিন। এরপর নরম স্পঞ্জ দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। এতে কাপের দাগ কমতে পারে।
সাদা ভিনেগার
এক কাপ গরম পানিতে সামান্য সাদা ভিনেগার মিশিয়ে নিন। মিশ্রণটি দাগযুক্ত কাপে ঢেলে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন।এরপর ডিশওয়াশ ও নরম স্পঞ্জ দিয়ে পরিষ্কার করুন। পুরোনো দাগের ক্ষেত্রে প্রয়োজনে আবারও একই পদ্ধতি ব্যবহার করতে পারেন।
লবণ
ঘরে বেকিং সোডা না থাকলে লবণও ব্যবহার করতে পারেন। সামান্য লবণ ভেজা স্পঞ্জে নিয়ে কাপের দাগযুক্ত অংশে আলতো করে ঘষুন। এরপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। তবে কাপের গায়ে নকশা বা বিশেষ প্রলেপ থাকলে ঘষার আগে সতর্ক থাকুন।
ডিশওয়াশ ও গরম পানি
অনেক সময় চায়ের দাগ জমে যাওয়ার কারণ হলো কাপ নিয়মিত ভালোভাবে পরিষ্কার না করা। এ ক্ষেত্রে গরম পানিতে কিছুক্ষণ কাপ ভিজিয়ে রেখে ডিশওয়াশ দিয়ে ধুয়ে নিতে পারেন। এতে জমে থাকা দাগ নরম হয়ে পরিষ্কার করা সহজ হয়।
যেসব বিষয়ে সতর্ক থাকবেন
- কাপ পরিষ্কারে শক্ত স্ক্রাবার বা ধাতব ঘষুনি ব্যবহার করবেন না। এতে কাপে আঁচড় পড়তে পারে।
- লেবুর রস, ভিনেগার ও বেকিং সোডা আলাদাভাবে ব্যবহার করুন। বিভিন্ন পরিষ্কারক একসঙ্গে মেশাবেন না।
- পরিষ্কারের পর কাপ ভালোভাবে পানি দিয়ে ধুয়ে শুকিয়ে রাখুন।
- কাপের গায়ে সোনালি বা রুপালি নকশা থাকলে ঘষাঘষি না করে প্রস্তুতকারকের নির্দেশনা অনুসরণ করুন।
নিয়মিত চা পানের পর কাপ ধুয়ে ফেললে দাগ জমার প্রবণতা কমে। তাই দীর্ঘদিন কাপ পরিষ্কার রাখতে প্রতিবার ব্যবহারের পরই ধুয়ে শুকিয়ে রাখার অভ্যাস করুন।










































