চাঁদপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ৬

চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে শাহজাহান (৩৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন।

নিহত শাহজাহান হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর মুন্সিবাড়ির বাসিন্দা। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি অনুষ্ঠিত একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর ও শাহরাস্তি উপজেলার ধোপল্লা গ্রামের দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

নিহতের ভাই মানিক হোসেন জানান, বিকেলে শাহজাহান অটোরিকশা নিয়ে ধোপল্লা বাজার থেকে ফেরার সময় হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে বাড়িতে নেওয়ার পর হঠাৎ তার বুকে ব্যথা শুরু হয়।

পরে আবার হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া বলেন, খবর পেয়ে এনায়েতপুরে গেছে পুলিশ। বিস্তারিত পরে জানানো যাবে।

অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা বলেন, সংঘর্ষের ঘটনাটি শাহরাস্তি উপজেলার। নিহত ব্যক্তি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকায় পুলিশ তার সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY