ঐশ্বরিয়ার বডিগার্ড যে কারণে চাকরি ছেড়েছিলেন

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের বডিগার্ড হিসেবে একসময় কাজ করেছিলেন বডিবিল্ডার ও অভিনেতা কেতন কারান্দে। তবে বেশি দিন সেই দায়িত্বে ছিলেন না তিনি।সম্প্রতি এক সাক্ষাৎকারে কেতন জানিয়েছেন, সালমান খানের কারণে ঐশ্বরিয়ার বডিগার্ডের চাকরি ছেড়ে দিয়েছিলেন তিনি।

‘আর্ট মিডিয়া এন্টারটেইনমেন্ট’ নামের একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কেতন জানান, প্রায় ২০ বছর আগে ঐশ্বরিয়ার নিরাপত্তার দায়িত্বে নিয়োগ পেয়েছিলেন তিনি। সে সময় ঐশ্বরিয়া ‘কুছ না কাহো’ সিনেমার শুটিং করছিলেন। তার কাজ ছিল বাসা থেকে অভিনেত্রীকে গাড়িতে করে শুটিং সেটে নিয়ে যাওয়া।

সাক্ষাৎকারে একটি ঘটনার কথাও তুলে ধরেন কেতন। তিনি জানান, একবার ঐশ্বরিয়াকে নিয়ে বিক্রম ভাটের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে গাড়িতে ফেরার সময় সামনে সালমান খানকে দেখতে পান তারা। এতে গাড়ির ভেতরে থাকা সবাই ভয় পেয়ে যান।পরে চালক অন্য পথে গাড়ি ঘুরিয়ে সালমানকে পাশ কাটিয়ে চলে যান।

কেতনের দাবি, পরদিনই তিনি ঐশ্বরিয়ার বডিগার্ডের চাকরি ছেড়ে দেন। তার ভাষ্য, সালমানের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে তিনি জানতে পেরেছিলেন। এমন পরিস্থিতিতে কোনো সহিংসতার মধ্যে জড়াতে কিংবা দুজন মানুষের ব্যক্তিগত সম্পর্কের মাঝখানে থাকতে চাননি তিনি।

This may contain: a man and woman standing next to each other in front of a blue wall, looking at each other

সালমান খান ও ঐশ্বরিয়ার প্রেমের সম্পর্কের শুরু ১৯৯৯ সালে।সঞ্জয় লীলা বানসালির ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের ঘনিষ্ঠতা তৈরি হয়। তবে ২০০২ সালে তাদের সম্পর্কের ইতি ঘটে। সেই বিচ্ছেদ ঘিরে সে সময় বলিউডে নানা আলোচনা তৈরি হয়েছিল।

পরে শাহরুখ খানের বিপরীতে ‘চালতে চালতে’ সিনেমায় অভিনয়ের কথা থাকলেও শুটিংয়ের মাঝপথে ঐশ্বরিয়াকে বাদ দেওয়া হয়। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেটে সালমানের উপস্থিতি নিয়ে তৈরি হওয়া পরিস্থিতির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে তার জায়গায় অভিনয় করেন রানি মুখার্জি।

২০০৭ সালে অভিনেতা অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বরিয়া। তাদের একমাত্র মেয়ে আরাধ্যা। অন্যদিকে, কেতনের এই সাম্প্রতিক বক্তব্যের পর পুরনো সম্পর্ক ও সেই সময়ের নানা ঘটনা আবারও আলোচনায় এসেছে।

LEAVE A REPLY