বলিউডে এমন কিছু নির্মাতা আছেন, যাদের সিনেমা শুধু বিনোদন দেয় না, দর্শককে হাসায়, কাঁদায়, ভাবায় এবং জীবনের নানা দিক নতুন করে দেখতে শেখায়। তাদের একজন রাজকুমার হিরানি।‘মুন্না ভাই এমবিবিএস’, ‘থ্রি ইডিয়টস’ কিংবা ‘পিকে’র মতো জনপ্রিয় সিনেমার নির্মাতা এই পরিচালক আজ ২০ নভেম্বর ৬৪ বছরে পা দিয়েছেন। জন্মদিনে ফিরে দেখা যাক তার নির্মিত ছয়টি আলোচিত সিনেমা।
১৯৬২ সালের ২০ নভেম্বর ভারতের মহারাষ্ট্রের নাগপুরে জন্মগ্রহণ করেন রাজকুমার হিরানি। পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এফটিআইআই) থেকে চলচ্চিত্র সম্পাদনা বিষয়ে পড়াশোনা করেন তিনি।পরিচালক হিসেবে তার অভিষেক ২০০৩ সালে ‘মুন্না ভাই এমবিবিএস’ সিনেমার মাধ্যমে। এরপর একের পর এক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি।

১. মুন্না ভাই এমবিবিএস (২০০৩)
রাজকুমার হিরানির পরিচালনায় প্রথম সিনেমা ‘মুন্না ভাই এমবিবিএস’। এতে মুন্না ভাই চরিত্রে অভিনয় করেন সঞ্জয় দত্ত।একজন গ্যাংস্টার বাবার স্বপ্ন পূরণ করতে চিকিৎসক হওয়ার ভান করে মেডিক্যাল কলেজে ভর্তি হন। কিন্তু সেখানে গিয়ে তার মানবিক আচরণ ও রোগীদের প্রতি সহমর্মিতা প্রচলিত চিকিৎসাব্যবস্থার ধারণাকে প্রশ্নের মুখে ফেলে। হাস্যরসের সঙ্গে মানবিকতার মিশেলে সিনেমাটি দর্শকের কাছে বিশেষ জনপ্রিয়তা পায়। এতে আরো অভিনয় করেন আরশাদ ওয়ারসি, গ্রেসি সিং ও বোমান ইরানি।

২. লাগে রাহো মুন্না ভাই (২০০৬)
‘মুন্না ভাই এমবিবিএস’-এর সাফল্যের পর ২০০৬ সালে আসে এর দ্বিতীয় কিস্তি ‘লাগে রাহো মুন্না ভাই’।সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ারসি আবারও হাজির হন মুন্না ভাই ও সার্কিট চরিত্রে। সিনেমায় মহাত্মা গান্ধীর আদর্শ এবং অহিংসার ধারণাকে সমসাময়িক জীবনের সঙ্গে যুক্ত করা হয়েছে। ‘গান্ধীগিরি’ শব্দটি জনপ্রিয় করে তোলার ক্ষেত্রেও সিনেমাটির বড় ভূমিকা ছিল। বিনোদনের পাশাপাশি সামাজিক মূল্যবোধের বার্তা দেওয়ার জন্য ছবিটি বিশেষভাবে আলোচিত হয়।

৩. থ্রি ইডিয়টস (২০০৯)
রাজকুমার হিরানির সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি ‘থ্রি ইডিয়টস’। আমির খান, আর মাধবান ও শারমান জোশি অভিনীত এই সিনেমায় শিক্ষাব্যবস্থা, পরীক্ষার চাপ, ক্যারিয়ার নিয়ে পারিবারিক প্রত্যাশা এবং নিজের পছন্দের পথে এগিয়ে যাওয়ার গল্প তুলে ধরা হয়েছে। কলেজজীবনের তিন বন্ধুর অভিজ্ঞতার মধ্য দিয়ে সিনেমাটি দর্শকদের হাসিয়েছে, আবার ভাবিয়েছে। কারিনা কাপুর খান, বোমান ইরানি ও ওমি বৈদ্যও অভিনয় করেছেন এতে। মুক্তির পর সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং শিক্ষাব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দেয়।

৪. পিকে (২০১৪)
আমির খান অভিনীত ‘পিকে’ রাজকুমার হিরানির আরেকটি আলোচিত নির্মাণ। সিনেমায় ভিনগ্রহ থেকে আসা এক অদ্ভুত চরিত্রের মাধ্যমে মানুষের বিশ্বাস, ধর্মীয় আচার, কুসংস্কার ও সামাজিক বাস্তবতা তুলে ধরা হয়েছে। আনুশকা শার্মা, সঞ্জয় দত্ত, সুশান্ত সিং রাজপুত ও বোমান ইরানিও অভিনয় করেছেন এতে। হাস্যরসের আড়ালে সমাজের নানা প্রচলিত ধারণা নিয়ে প্রশ্ন তোলার কারণে মুক্তির সময় সিনেমাটি ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দেয়।

৫. সঞ্জু (২০১৮)
এবার জীবনীভিত্তিক গল্প নিয়ে হাজির হন হিরানি। বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের জীবন অবলম্বনে নির্মিত ‘সঞ্জু’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন রণবীর কাপুর। একজন তারকার ব্যক্তিগত জীবন, জনপ্রিয়তা, মাদকাসক্তির সঙ্গে লড়াই, আইনি জটিলতা ও পারিবারিক সম্পর্কের নানা অধ্যায় উঠে এসেছে সিনেমাটিতে। রণবীরের অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়। এতে আরো ছিলেন পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, দিয়া মির্জা ও ভিকি কৌশল।

৬. ডানকি (২০২৩)
রাজকুমার হিরানির পরিচালিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডানকি’। প্রথমবারের মতো এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে কাজ করেন তিনি। অবৈধ পথে বিদেশে পাড়ি জমানোর ঝুঁকিপূর্ণ যাত্রা এবং অভিবাসনের স্বপ্নকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন তাপসী পান্নু, ভিকি কৌশল ও বোমান ইরানি। হাস্যরস, আবেগ ও সামাজিক বাস্তবতার মিশেলে নির্মিত ছবিটি হিরানির পরিচালনায় নতুন মাত্রা যোগ করে।
রাজকুমার হিরানির পরিচালিত সিনেমার সংখ্যা তুলনামূলক কম হলেও প্রতিটি ছবিই দর্শকের মধ্যে আলাদা জায়গা করে নিয়েছে। তার গল্প বলার ধরনে হাস্যরসের পাশাপাশি থাকে মানবিকতা ও সামাজিক বার্তা। সেই কারণেই ‘থ্রি ইডিয়টস’ কিংবা ‘মুন্না ভাই’–এর মতো সিনেমা মুক্তির বহু বছর পরও দর্শকের আলোচনায় ফিরে আসে।










































