শাহরুখ খানের জনপ্রিয় সুপারহিরো সিনেমা ‘রা ওয়ান’-এর সিক্যুয়েল নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন অভিনেতা অর্জুন রামপাল। ২০১১ সালে মুক্তি পাওয়া ছবিটিতে খলনায়ক জি ওয়ান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্জুন জানিয়েছেন, ছবিটির দ্বিতীয় কিস্তি নির্মাণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তার মতে, নতুন প্রজন্মের দর্শকদের কাছেও গল্পটি দারুণভাবে সাড়া ফেলতে পারে।
‘ভ্যারাইটি ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে অর্জুন রামপাল বলেন, সিক্যুয়েল নির্মাণের সিদ্ধান্ত তার হাতে নেই। এ বিষয়ে প্রযোজকদেরই সিদ্ধান্ত নিতে হবে।তবে তিনি মনে করেন, ‘রা ওয়ান’-এর দ্বিতীয় কিস্তি নির্মাণ করা সম্ভব এবং তা বর্তমান প্রজন্মের দর্শকদের সঙ্গে সংযোগ তৈরি করতে পারবে।
ছবিটি নিয়ে নিজের আগ্রহের কথা জানিয়ে অর্জুন বলেন, ‘রা ওয়ান’ সময়ের তুলনায় অনেক এগিয়ে থাকা একটি ধারণা ছিল। মুক্তির সময় যে তরুণ প্রজন্ম ছবিটি দেখেছিল, তাদের ওপর এর প্রভাব এখনো রয়েছে। এমনকি তার ছেলেও ছবিটি দেখেছে এবং এটি তার অভিনীত সবচেয়ে পছন্দের সিনেমাগুলোর একটি বলে মনে করে।
২০১১ সালে মুক্তির পর ‘রা ওয়ান’ ভারতীয় সিনেমায় সুপারহিরো ঘরানার অন্যতম আলোচিত আয়োজন হয়ে ওঠে। শাহরুখ খান অভিনীত এই ছবিতে আরো ছিলেন কারিনা কাপুর খান, অর্জুন রামপালসহ অনেকে। উন্নত ভিজ্যুয়াল ইফেক্টস ও প্রযুক্তির ব্যবহারের কারণে ছবিটি সে সময় বিশেষভাবে আলোচনায় আসে।
এদিকে শাহরুখ খানও এর আগে ‘রা ওয়ান’ নিয়ে নিজের আগ্রহের কথা জানিয়েছিলেন। নিজের ৬০তম জন্মদিনের আয়োজনে তিনি বলেছিলেন, ছবিটি এখন নির্মাণ করা হলে আরো ভালোভাবে দর্শকের কাছে পৌঁছাতে পারত।সে সময় বলিউডে এ ধরনের সুপারহিরো সিনেমা নির্মাণ ছিল বেশ কঠিন। পরিচালক অনুভব সিনহা অনেক পরিশ্রম করে ছবিটি পর্দায় এনেছিলেন।
শাহরুখের মতে, ‘রা ওয়ান’ নির্মাণের মাধ্যমে তিনি চেয়েছিলেন, ভারতের আরো নির্মাতা যেন সুপারহিরো সিনেমা তৈরিতে আগ্রহী হন এবং ভিজ্যুয়াল ইফেক্টস ও প্রযুক্তির ব্যবহার বাড়ান। তবে সিক্যুয়েল নির্মাণের সিদ্ধান্ত পরিচালকের ওপরই ছেড়ে দিয়েছিলেন তিনি।
এখন পর্যন্ত ‘রা ওয়ান’-এর সিক্যুয়েল নিয়ে নির্মাতা বা পরিচালক অনুভব সিনহার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে অর্জুন রামপালের আগ্রহ এবং শাহরুখের আগের মন্তব্যে ছবিটির নতুন কিস্তি নিয়ে ভক্তদের প্রত্যাশা আবারও বেড়েছে।
শাহরুখ খানকে সামনে ‘কিং’ সিনেমায় দেখা যাবে। অন্যদিকে অর্জুন রামপাল অপেক্ষায় রয়েছেন নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘ও সাথি রে’র জন্য।











































