ছবি : রয়টার্স
আফ্রিকান সোয়াইন ফিভার (এএসএফ) ছড়িয়ে পড়ায় সার্বিয়ার পশ্চিমাঞ্চলের একটি খামারে ১১ হাজার শূকর নিধন শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার কৃষিমন্ত্রী দ্রাগান গ্ল্যামোচিচের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তানজুগ সংবাদ সংস্থা।
হ্রতকোভচি গ্রামের ওই খামারে কয়েক দিন ধরে এই নিধন কার্যক্রম চলবে। সরকার খামারের মালিকদের ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। গ্ল্যামোচিচ বলেন, শূকরগুলোকে যন্ত্রণাহীনভাবে মেরে নিরাপদভাবে অপসারণ করা হচ্ছে।
বর্তমানে সার্বিয়ার বিভিন্ন এলাকায় আফ্রিকান সোয়াইন ফিভারের একাধিক প্রাদুর্ভাব রয়েছে।বসনিয়া ও ক্রোয়েশিয়া সীমান্তবর্তী মাচভা অঞ্চলে গত দুই মাসে ইতোমধ্যে হাজার হাজার শূকর নিধন করা হয়েছে। আফ্রিকান সোয়াইন ফিভার মানুষের জন্য ক্ষতিকর নয়। তবে এটি গৃহপালিত ও বন্য শূকরের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়ে।









































