ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রয়টার্স জানায়, মঙ্গলবার পুলিশের একটি চৌকির কাছে এ হামলা চালানো হয়।স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। চিকিৎসাকর্মীরা জানান, হামলায় আরো পাঁচজন আহত হয়েছেন। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী।
২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়।এতে বড় ধরনের লড়াই বন্ধ হলেও ইসরায়েলের হামলা পুরোপুরি বন্ধ হয়নি। একই সঙ্গে হামাসের নিরস্ত্রীকরণও নিশ্চিত করা যায়নি। ফিলিস্তিনি ও ইসরায়েলি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় ইসরায়েলের পাঁচ সেনাও নিহত হয়েছেন।
বর্তমানে গাজার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকার নিয়ন্ত্রণ রয়েছে ইসরায়েলি সেনাদের হাতে। যুদ্ধবিরতি কার্যকরের সময় উপত্যকার অর্ধেকের কিছু বেশি এলাকা তাদের নিয়ন্ত্রণে ছিল। অন্যদিকে, গাজার উপকূলীয় ছোট একটি অংশের নিয়ন্ত্রণ রয়েছে হামাসের হাতে।
গাজায় দুই বছরের বেশি সময় ধরে ইসরায়েলের সামরিক অভিযানে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। এ অভিযানের কারণে উপত্যকাটিতে তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে।
বাস্তুচ্যুত হয়েছেন গাজার সব বাসিন্দা। ইসরায়েলের এ সামরিক অভিযানকে গণহত্যা হিসেবে বিবেচনা করেছেন বেশ কয়েকজন গবেষক। জাতিসংঘের একটি তদন্তেও একই ধরনের মূল্যায়ন উঠে এসেছে।
তবে ইসরায়েল বলেছে, আত্মরক্ষার জন্য তারা এসব সামরিক পদক্ষেপ নিয়েছে। ২০২৩ সালের অক্টোবরে হামাসের নেতৃত্বাধীন যোদ্ধারা ইসরায়েলে হামলা চালান। ওই হামলায় ১ হাজার ২০০ জন নিহত হন। এ ছাড়া ২৫০ জনের বেশি মানুষকে জিম্মি করা হয়।









































