ধর্মপ্রচারক জাকির নায়েকের সংগঠন ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’ (আইআরএফ)-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর প্রশাসনের হাতে দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে তারা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন, ১৯৬৭ (ইউএপিএ)-এর ৭ ও ৮ নম্বর ধারার অধীনে সংগঠনটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে।
ইউএপিএ-এর ৭ নম্বর ধারা অনুযায়ী, কোনো সংগঠনকে বেআইনি ঘোষণা করা হলে তার অর্থের জোগান বন্ধ করার ব্যবস্থা নেওয়া যায়। ৮ নম্বর ধারায় ওই সংগঠনের ব্যবহৃত ভবন, কার্যালয় ও অন্যান্য স্থাপনা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ক্ষমতা রয়েছে।
গত ২৬ নভেম্বর গভীর রাতে জারি করা এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ক্ষমতা রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর প্রশাসনের হাতে অর্পণের কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউএপিএ-এর ৪২ নম্বর ধারায় দেওয়া ক্ষমতাবলে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।এর ফলে এখন থেকে আইআরএফের বিরুদ্ধে আইনের ৭ ও ৮ নম্বর ধারায় কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর প্রশাসনও ব্যবস্থা নিতে পারবে। এর আগে গত ১৩ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইআরএফের ওপর আরোপিত পাঁচ বছরের নিষেধাজ্ঞা তৃতীয়বারের মতো বাড়ায়। সংগঠনটি ইউএপিএ-এর আওতায় নিষিদ্ধ রয়েছে।
গত ১৩ নভেম্বর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পলাতক ধর্মপ্রচারক জাকির নায়েকের প্রতিষ্ঠিত ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’ (আইআরএফ)-এর ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরো পাঁচ বছর বাড়িয়েছে।সংগঠনটিকে বেআইনি ঘোষণা করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, আইআরএফ দেশের নিরাপত্তার জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত। সংগঠনটির কার্যক্রম সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি নষ্ট করার পাশাপাশি ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামোর জন্যও হুমকি তৈরি করতে পারে।
১৯৯১ সালের ফেব্রুয়ারিতে মুম্বাইয়ে জাকির নায়েক আইআরএফ প্রতিষ্ঠা করেন। পরে তিনি ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে যান এবং সেখানে স্থায়ী বসবাসের অনুমতি পান।ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০১৬ সালের ১৭ নভেম্বর বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন, ১৯৬৭-এর আওতায় আইআরএফকে প্রথমবারের মতো পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে।
২০২১ সালের ১৫ নভেম্বর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়। ভারতীয় কর্তৃপক্ষ ও গোয়েন্দা সংস্থাগুলোর অভিযোগ, জাকির নায়েক ও তাঁর সংগঠন উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ও শত্রুতা ছড়িয়েছে।
সর্বশেষ বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউএপিএ-এর ৩ নম্বর ধারার অধীনে আইআরএফের ওপর নতুন করে পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইআরএফ ও এর সদস্যরা, বিশেষ করে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকির নায়েক, অনুসারীদের এমন কর্মকাণ্ডে উৎসাহিত ও সহায়তা করছেন, যা বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ, ঘৃণা ও শত্রুতা ছড়াচ্ছে। মন্ত্রণালয়ের দাবি, এ ধরনের কর্মকাণ্ড ভারতের অখণ্ডতা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর কারণ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাকির নায়েকের বিভিন্ন বক্তব্য ও ভাষণকে ‘আপত্তিকর’ ও ‘রাষ্ট্রবিরোধী’ বলে উল্লেখ করেছে। মন্ত্রণালয়ের অভিযোগ, এসব বক্তব্যের মাধ্যমে তিনি বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে ঘৃণা ও শত্রুতা ছড়াচ্ছেন। পাশাপাশি ভারত ও বিদেশের একটি নির্দিষ্ট ধর্মের তরুণদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে উৎসাহিত করছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, আন্তর্জাতিক স্যাটেলাইট টেলিভিশন, ইন্টারনেট, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে জাকির নায়েক বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের কাছে তার বক্তব্য ও ভাষণ পৌঁছে দিয়েছেন।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, আইআরএফের বেআইনি কর্মকাণ্ড দ্রুত বন্ধ করা না হলে সংগঠনটি তাদের কার্যক্রম অব্যাহত রাখতে পারে। তারা পলাতক কর্মীদের আবার সংগঠিত করা, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো, দেশের ধর্মনিরপেক্ষ কাঠামো ক্ষতিগ্রস্ত করা এবং দেশবিরোধী মনোভাব প্রচারের মতো কর্মকাণ্ড চালাতে পারে। এ ছাড়া উগ্রবাদে সমর্থন দিয়ে বিচ্ছিন্নতাবাদ উসকে দেওয়া এবং ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মন্ত্রণালয়।
বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন, ১৯৬৭-এর ৫ নম্বর ধারায় গঠিত বিশেষ ট্রাইব্যুনাল আইআরএফকে বেআইনি সংগঠন ঘোষণার সিদ্ধান্ত পর্যালোচনা করে। সংগঠনটিকে বেআইনি ঘোষণা করার যথেষ্ট ভিত্তি রয়েছে কি না, তা যাচাইয়ের দায়িত্ব ছিল এই ট্রাইব্যুনালের। ২০১৭ সালের ২২ মে এবং ২০২২ সালের ৩০ মার্চ দেওয়া পৃথক আদেশে ট্রাইব্যুনাল সরকারের ওই সিদ্ধান্ত বহাল রাখে।









































