শিশুরা খুব সহজেই আনন্দ খুঁজে পায়। কখনো গাছের পাতা নড়াচড়া দেখে, কখনো সাধারণ কোনো খেলনা নিয়ে মেতে থেকে।ছোট ছোট বিষয়েই তাদের আনন্দের শেষ নেই। অথচ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনের নানা ব্যস্ততা, দুশ্চিন্তা ও প্রত্যাশার ভিড়ে বড়রা অনেক সময় সাধারণ আনন্দগুলো উপভোগ করতে ভুলে যান।
কিন্তু শিশুদের স্বাভাবিক আচরণ থেকেই ভালো থাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়া সম্ভব। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ‘সাইকোলজি টুডে’-তে প্রকাশিত এক নিবন্ধে এমন ছয়টি বিষয় তুলে ধরেছেন লেখক মার্ক ফ্যাবিয়ান।নিজের সন্তান জন্মের পর তাঁর জীবনে আসা পরিবর্তনের অভিজ্ঞতা থেকেই এসব শিক্ষা তুলে ধরেছেন তিনি।
১. নিঃস্বার্থভাবে ভালোবাসা ও যত্ন নেওয়া
জন্মের পর একটি শিশু সম্পূর্ণভাবে অন্যের ওপর নির্ভরশীল থাকে। নিজের যত্ন নেওয়ার ক্ষমতা না থাকলেও মা-বাবা বা পরিচর্যাকারীর ওপর ভরসা করেই সে বেড়ে ওঠে। শিশুর প্রয়োজন ভালোবাসা, নিরাপত্তা ও যত্ন।
লেখকের মতে, মানুষের জীবনেও ভালোবাসা ও যত্নের গুরুত্ব অনেক। বিনিময়ে কিছু পাওয়ার প্রত্যাশা না করে অন্যের পাশে দাঁড়ানো উচিত। সমাজে এমন যত্ন ও সহযোগিতার সংস্কৃতি গড়ে উঠলে প্রত্যেকের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি হয়। যা মানসিকভাবে ভালো থাকতে সাহায্য করে।
২. নিজের অনুভূতির প্রতি সৎ থাকা
শিশুরা অন্যরা কী ভাবছে, তা নিয়ে চিন্তা করে না।ক্ষুধা লাগলে, ঘুম পেলে কিংবা অস্বস্তি হলে তারা স্বাভাবিকভাবেই তা প্রকাশ করে। সামাজিক গ্রহণযোগ্যতা বা অন্যের মন জোগানোর চিন্তা তাদের মধ্যে থাকে না।
বড়দের অবশ্যই সামাজিক শিষ্টাচার মেনে চলতে হবে। তবে অন্যকে খুশি করতে গিয়ে নিজের প্রকৃত ইচ্ছা ও অনুভূতিকে পুরোপুরি উপেক্ষা করাও ঠিক নয়। জীবনে কী করতে চান, কোন বিষয়গুলো আপনাকে আনন্দ দেয়, সেগুলো বোঝার চেষ্টা করা জরুরি।
৩. চারপাশের ছোট বিষয়েও বিস্ময় খুঁজে পাওয়া
একটি শিশু গাছের পাতা বাতাসে দুলতে দেখেই দীর্ঘ সময় মুগ্ধ হয়ে থাকতে পারে। রঙিন পাতা কিংবা চারপাশের সাধারণ দৃশ্যও তার কাছে নতুন অভিজ্ঞতা।
অথচ বড়রা এসব দৃশ্যের পাশ দিয়ে প্রতিদিন হেঁটে গেলেও খুব একটা খেয়াল করেন না। লেখকের মতে, প্রকৃতি ও চারপাশের ছোট ছোট বিষয় নিয়ে বিস্ময় অনুভব করার অভ্যাস মানসিক সুস্থতায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তাই মাঝেমধ্যে ব্যস্ততা থেকে বিরতি নিয়ে আকাশ, গাছপালা কিংবা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা উচিত।
৪. ঘুমকে গুরুত্ব দেওয়া
শিশুরা খাওয়া, খেলা ও বিশ্রামের মধ্যে একটি স্বাভাবিক ছন্দ মেনে চলে। পর্যাপ্ত ঘুম তাদের বেড়ে ওঠা ও বিকাশের জন্য প্রয়োজনীয়।

বন্ধুর সংখ্যা নয়, মানসিক সংযোগই কেন বেশি জরুরি?
অন্যদিকে বড়দের ঘুমের অভ্যাস নানা কারণে ব্যাহত হয়। অতিরিক্ত মোবাইল ব্যবহার, অনিয়মিত খাবার, মানসিক চাপ ও অন্যান্য অভ্যাস ঘুমের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
লেখকের পরামর্শ, ঘুমের পরিবেশ আরামদায়ক রাখা জরুরি। ঘুমানোর ঘর অন্ধকার, শান্ত ও অপেক্ষাকৃত শীতল রাখা এবং ঘুমের আগে মোবাইল ফোনসহ অন্যান্য পর্দা থেকে দূরে থাকার অভ্যাস ভালো ঘুমে সহায়তা করতে পারে।
৫. সাধারণ বিষয়েও আনন্দ খুঁজে নেওয়া
একটি শিশু সাধারণ কোনো প্যাকেট বা খেলনা নিয়েও অনেকক্ষণ আনন্দে কাটাতে পারে। সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করা, শব্দ শোনা কিংবা নতুনভাবে আবিষ্কার করার মধ্যেই সে আনন্দ খুঁজে পায়।
বড়দের জীবনেও এমন আনন্দের উৎস রয়েছে। সকালের এক কাপ চা বা কফি, প্রিয় পোশাক কিংবা ঘরের গাছপালা—এসব সাধারণ বিষয়েও আনন্দ খুঁজে পাওয়া সম্ভব।
লেখক মনে করেন, কোনো ভালো অভিজ্ঞতাকে তাড়াহুড়ো করে শেষ না করে একটু সময় নিয়ে উপভোগ করা উচিত। এতে ইতিবাচক অনুভূতি দীর্ঘস্থায়ী হতে পারে। মনোযোগ দিয়ে ভালো মুহূর্ত উপভোগ করার এই অভ্যাসকে মনোবিজ্ঞানে ‘স্যাভরিং’ বলা হয়।
৬. নিজের চেয়ে বড় কিছুর সঙ্গে সংযোগ তৈরি করা
সন্তান লালন-পালনের অভিজ্ঞতা মানুষকে নিজের বাইরের একটি বৃহত্তর জীবনের সঙ্গে যুক্ত হওয়ার অনুভূতি দিতে পারে। সন্তানের বেড়ে ওঠার মধ্য দিয়ে মা-বাবা ভবিষ্যতের সঙ্গে নিজেদের একটি সম্পর্ক অনুভব করেন।
লেখকের মতে, জীবনে অর্থ ও উদ্দেশ্য খুঁজে পাওয়ার একটি উপায় হলো নিজের চেয়ে বড় কোনো কিছুর অংশ হয়ে ওঠা। সন্তানকে ভালোবাসা, তার যত্ন নেওয়া এবং ভবিষ্যতের জন্য তাকে গড়ে তোলার মধ্য দিয়ে এই অনুভূতি তৈরি হতে পারে।
তবে এই শিক্ষা শুধু সন্তান লালন-পালনের মধ্যে সীমাবদ্ধ নয়। অন্যের কল্যাণে কাজ করা কিংবা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক কিছু রেখে যাওয়ার মধ্য দিয়েও জীবনে অর্থপূর্ণতার অনুভূতি তৈরি হতে পারে।
শিশুরা হয়তো এসব বিষয় নিয়ে সচেতনভাবে ভাবে না। কিন্তু তাদের স্বাভাবিক আচরণ আমাদের মনে করিয়ে দেয়, ভালো থাকার জন্য সব সময় বড় কোনো অর্জনের প্রয়োজন নেই। ভালোবাসা, নিজের অনুভূতির প্রতি সততা, পর্যাপ্ত ঘুম এবং ছোট ছোট মুহূর্ত উপভোগ করার মধ্যেও জীবনের আনন্দ খুঁজে পাওয়া সম্ভব।









































