অনেক পুরুষই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে চান না। কর্মব্যস্ততা, পারিবারিক দায়িত্ব, চিকিৎসকের কাছে যাওয়ার ভয় কিংবা শরীর ভালো থাকার ধারণা থেকে তারা স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি এড়িয়ে যান।কেউ কেউ আবার শারীরিক কোনো সমস্যা গুরুতর না হওয়া পর্যন্ত চিকিৎসকের পরামর্শ নেন না। তবে এ অভ্যাস অজান্তেই বাড়িয়ে দিতে পারে নানা রোগের ঝুঁকি।
পুরুষদের স্বাস্থ্য সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে এ বিষয়ে সতর্ক করেছেন চিকিৎসকরা। তাদের মতে, শরীরে কোনো অস্বাভাবিকতা দেখা না দিলেও উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ার মতো সমস্যা থাকতে পারে।নিয়মিত পরীক্ষা না করালে এসব রোগ দীর্ঘদিন অজানা থেকে যেতে পারে। পরবর্তী সময়ে এগুলো হৃদ্রোগ, স্ট্রোক ও কিডনির জটিলতার ঝুঁকি বাড়াতে পারে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শারীরিকভাবে সুস্থ বোধ করলেও অনেক পুরুষ নিজেদের স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সচেতন নন। ব্যস্ত জীবনযাপন, সময়ের অভাব, রোগ শনাক্ত হওয়ার ভয় এবং চিকিৎসা সম্পর্কে সচেতনতার ঘাটতি তাদের স্বাস্থ্য পরীক্ষা থেকে দূরে রাখে।
ছোটখাটো সমস্যাও অবহেলার নয়
চিকিৎসকদের মতে, অনেক পুরুষ দীর্ঘদিনের ক্লান্তি, ঘন ঘন মাথা ব্যথা, এসিডিটি, অকারণে ওজন কমা বা বেড়ে যাওয়া, ঘুমের সমস্যা কিংবা শরীরের বারবার ব্যথাকে কাজের চাপ, মানসিক উদ্বেগ বা বয়সের স্বাভাবিক পরিবর্তন বলে মনে করেন।
শারদাকেয়ার-হেলথসিটির ইন্টারনাল মেডিসিন বিভাগের পরিচালক চিকিৎসক চিরাগ ট্যান্ডন বলেন, এসব সমস্যার পেছনে সাধারণ কারণ থাকতে পারে। তবে কখনো কখনো এগুলো এমন কিছু শারীরিক সমস্যার ইঙ্গিত দেয়, যার জন্য চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। অনেকেই চিকিৎসকের কাছে না গিয়ে নিজে নিজে ওষুধ খান অথবা সাময়িকভাবে জীবনযাপনে পরিবর্তন আনেন।
এ ছাড়া সামাজিক ধারণা ও পুরুষত্ব নিয়ে প্রচলিত মানসিকতাও স্বাস্থ্যসেবা নেওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করে।বিশেষ করে যৌনস্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, প্রস্রাবের সমস্যা ও প্রজননস্বাস্থ্য নিয়ে অনেক পুরুষ খোলামেলা কথা বলতে সংকোচ বোধ করেন। চিকিৎসকের কাছে যাওয়াকে কেউ কেউ দুর্বলতা মনে করেন। ফলে প্রয়োজনীয় চিকিৎসা নিতে দেরি হয়।
যেসব রোগ দীর্ঘদিন নীরবে বাড়তে পারে
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ার মতো রোগ অনেক বছর পর্যন্ত স্পষ্ট কোনো লক্ষণ ছাড়াই থাকতে পারে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করালে এসব সমস্যা শনাক্ত হতে দেরি হয়। সময়ের সঙ্গে এগুলো হৃদ্রোগ, স্ট্রোক ও কিডনির ক্ষতির ঝুঁকি বাড়াতে পারে।
এ ছাড়া ঘন ঘন শ্বাসকষ্ট, বুকে অস্বস্তি, অস্বাভাবিক ঘাম হওয়া কিংবা অকারণে অতিরিক্ত ক্লান্তি দেখা দিলে অবহেলা করা উচিত নয়। কখনো কখনো এসব লক্ষণ হৃদ্যন্ত্রের সমস্যার ইঙ্গিত দিতে পারে।
ক্যান্সারের যেসব লক্ষণ খেয়াল রাখা জরুরি
প্রস্রাবের অভ্যাসে পরিবর্তন, প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া, দীর্ঘদিনের হজমের সমস্যা, অকারণে ওজন কমে যাওয়া, মলত্যাগের অভ্যাসে পরিবর্তন কিংবা ক্ষত সহজে না শুকানোর মতো লক্ষণও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।
বয়স, শারীরিক অবস্থা ও পারিবারিক রোগের ইতিহাস অনুযায়ী এসব লক্ষণ প্রোস্টেট, কিডনি, পরিপাকতন্ত্রসহ শরীরের বিভিন্ন অঙ্গের রোগের সঙ্গে সম্পর্কিত হতে পারে। কিছু ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকিও বিবেচনায় নিতে হয়। তাই এমন পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে অনেক ক্ষেত্রে চিকিৎসার সুযোগ ও ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা থাকে।
মানসিক স্বাস্থ্যের পরিবর্তনকেও গুরুত্ব দিন
শুধু শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যের সমস্যাও অনেক পুরুষ এড়িয়ে যান। দীর্ঘদিনের বিরক্তি, উদ্বেগ, মন খারাপ, পছন্দের কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা, ঘুমের সমস্যা কিংবা মনোযোগের ঘাটতি মানসিক চাপের লক্ষণ হতে পারে।
অনেকে এসব অনুভূতি প্রকাশ করতে চান না। ফলে উদ্বেগ, বিষণ্নতা ও মানসিক চাপ তাঁদের ব্যক্তিগত জীবন, কাজের দক্ষতা এবং সামগ্রিক সুস্থতায় প্রভাব ফেলতে পারে।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা কেন জরুরি
চিকিৎসকদের পরামর্শ, অসুস্থ হওয়ার পর নয়, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার অংশ হিসেবেই নিয়মিত পরীক্ষা করানো উচিত। বয়স, পারিবারিক রোগের ইতিহাস, জীবনযাপন ও ব্যক্তিগত ঝুঁকি বিবেচনায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা করানো প্রয়োজন।
এসব পরীক্ষার মধ্যে থাকতে পারে রক্তচাপ পরিমাপ, রক্তে শর্করার মাত্রা পরীক্ষা ও কোলেস্টেরল পরীক্ষা। বয়স ও ঝুঁকি অনুযায়ী ক্যানসার স্ক্রিনিংয়ের প্রয়োজন আছে কি না, সেটিও চিকিৎসকের সঙ্গে আলোচনা করা উচিত।
পাশাপাশি সুষম খাবার খাওয়া, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম, ধূমপান ও তামাক এড়িয়ে চলা, অ্যালকোহল গ্রহণ সীমিত রাখা এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখাও সুস্থ থাকতে সহায়তা করে।
চিকিৎসকদের গুরুত্বপূর্ণ পরামর্শ হলো, কোনো উপসর্গ না থাকলেই যে শরীর সম্পূর্ণ সুস্থ, এমন নয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অসুস্থতার লক্ষণ নয়; বরং দীর্ঘমেয়াদে সুস্থ থাকার প্রস্তুতি। শরীরের পরিবর্তনগুলো খেয়াল রাখা, স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা করা এবং প্রয়োজন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই পারে বড় ধরনের জটিলতা এড়াতে সহায়তা করতে।









































