বলিউডে একসময় পারিশ্রমিকের দৌড়ে নায়কদের একচ্ছত্র আধিপত্য থাকলেও সময়ের সঙ্গে বদলেছে সেই চিত্র। এখন বড় বাজেটের সিনেমায় নায়কদের পাশাপাশি মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন অভিনেত্রীরাও।বলিউডের এমন কয়েকজন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীর তালিকা প্রকাশ করেছে ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)। সেই তালিকায় উঠে এসেছে প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের নামও।
তাহলে পারিশ্রমিকের দিক থেকে কে এগিয়ে—প্রিয়াঙ্কা, নাকি দীপিকা? চলুন জেনে নেওয়া যাক দুই অভিনেত্রীর ক্যারিয়ার ও সিনেমাপ্রতি আয়ের হিসাব।
আইএমডিবির তালিকায় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে শীর্ষে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। ২০০০ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিচিতি পেতে শুরু করেন এই অভিনেত্রী।
২০০৩ সালে ‘দ্য হিরো : লাভ স্টোরি অব আ স্পাই’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় প্রিয়াঙ্কার। এরপর ‘আন্দাজ’, ‘মুঝসে শাদি করোগি’, ‘ফ্যাশন’, ‘বরফি!’ ও ‘মেরি কম’-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান।‘ফ্যাশন’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি।
পরবর্তী সময়ে হলিউডের জনপ্রিয় সিরিজ ‘কোয়ান্টিকো’ দিয়ে আন্তর্জাতিক দর্শকের কাছে পরিচিতি পান প্রিয়াঙ্কা। পাশাপাশি ‘বে ওয়াচ’, ‘ইজ নট ইট রোমান্টিক’ ও ‘দ্য হোয়াইট টাইগার’-এর মতো সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।
আইএমডিবির তালিকা অনুযায়ী, প্রতি সিনেমার জন্য ১৮ থেকে ৩০ কোটি রুপি পারিশ্রমিক নেন এই অভিনেত্রী।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন।মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রীর বলিউডে অভিষেক হয় ২০০৭ সালে। শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ সিনেমায় অভিনয় করে প্রথম ছবিতেই দর্শকের নজর কাড়েন তিনি।
এরপর একের পর এক সফল সিনেমায় অভিনয় করে বলিউডের শীর্ষ অভিনেত্রীদের একজন হয়ে ওঠেন দীপিকা। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘লাভ আজ কাল’, ‘ককটেল’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’।
‘পিকু’ সিনেমায় অভিনয়ের জন্যও ব্যাপক প্রশংসা পেয়েছেন এই অভিনেত্রী। বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ করেছেন তিনি। ‘ট্রিপল এক্স : রিটার্ন অব জেন্ডার কেজ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে হলিউডে অভিষেক হয় তার। এ ছাড়া ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে দীপিকাকে।
আইএমডিবির তালিকা অনুযায়ী, সিনেমাপ্রতি দীপিকার পারিশ্রমিক ১৫ থেকে ৩০ কোটি রুপি।
পারিশ্রমিকে এগিয়ে কে?
আইএমডিবির প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রিয়াঙ্কা চোপড়ার সিনেমাপ্রতি পারিশ্রমিকের পরিসর ১৮ থেকে ৩০ কোটি রুপি। অন্যদিকে দীপিকা পাড়ুকোনের পারিশ্রমিক ১৫ থেকে ৩০ কোটি। অর্থাৎ সর্বোচ্চ পারিশ্রমিকের অঙ্কে দুজনের অবস্থান সমান হলেও সর্বনিম্ন অঙ্কের হিসাবে এগিয়ে রয়েছেন প্রিয়াঙ্কা।








































