গার্দিওলার চিন্তা বাড়ালেন পর্তুগিজ ডিফেন্ডার

এক মাসের জন্য মাঠের বাইরে দিয়াস। ছবি : এক্স থেকে

বড্ড খারাপ সময় কাটছে ম্যানচেস্টার সিটির। এতটাই যে ঘরে-বাইরে কোনো মাঠে কূলকিনারা খুঁজে পাচ্ছে না বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। সর্বশেষ ৮ ম্যাচে তারা জয়হীন। যার ছয়টিতেই হার সঙ্গী হয়েছে সিটিজেনদের।

এমন কঠিন সময় থেকে যখন মুক্তি পাচ্ছেন না পেপ গার্দিওলা তখনই আবার ম্যানসিটির কোচের চিন্তা বাড়িয়ে দিলেন রুবেন দিয়াস। পেশির চোটের কারণে এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। তার চোটের বিষয়টি নিশ্চিত করেছেন খোদ গার্দিওলা। আগামীকাল অ্যাস্টন ভিলার বিপক্ষে জয়ের খোঁজে মাঠে নামার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন তিনি।

শিষ্যর চোট নিয়ে গার্দিওলা বলেছেন, ‘দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে রুবেন। এটা তিন থেকে চার সপ্তাহ হতে পারে। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের ৭৫ মিনিটে সে পেশিতে কিছু একটা অনুভব করছিল। এরপর সে শক্ত মনের হওয়া মাঠে থাকতে চেয়েছিল।

এখন সে চোট পড়েছে।’

এবারের মৌসুমে সব মিলিয়ে ১৯ ম্যাচ খেলেছেন দিয়াস। এর মধ্যে প্রিমিয়ার লিগের ১২ ম্যাচে একাদশে ছিলেন। পর্তুগিজ ডিফেন্ডারকে না পাওয়া বড় ধাক্কার হতে যাচ্ছে সিটির। কেননা সামনে বেশ কটি বড় ম্যাচ রয়েছে লিগ চ্যাম্পিয়নদের।

অ্যাস্টন ভিলা ছাড়াও মিস করবেন এভারটন, লেস্টার সিটি ও ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচ।

LEAVE A REPLY