বিজয়। ছবি : গাজী গ্রুপের ফেসবুক
ডিপিএলে বড় পরাজয় দেখেছে এনামুল হক বিজয়ের দল গাজী গ্রুপ ক্রিকেটার্স। তবে সেই শোক কাটিয়ে ওঠার আগেই দুঃসংবাদ শুনলেন বিজয়। ম্যাচে অপেশাদারি আচরণের জন্য শাস্তি পেয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক। ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে তার।
আজ বিকেএসপির ৩ নম্বর মাঠে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে ওপেনিংয়ে নামেন বিজয়। কিন্তু ইনিংসের প্রথম বলেই আউট হয়ে যান তিনি। লিজেন্ড অব রূপগঞ্জের বাঁহাতি পেসার শরীফুল ইসলামের বল তার ব্যাট ছুঁয়েছে এমনটা মনে করে আউট দেন আম্পয়ার। প্রকৃতপক্ষে উইকেটরক্ষক আকবর আলি ক্যাচটা নেওয়ার আগে বিজয়ের ব্যাটে নয়, বলটি তার থাই স্পর্শ করেছিল।
আম্পায়ার আউট দেওয়ায় ক্ষেপে যান বিজয়। মাঠ থেকে বের হওয়ার আগে আম্পায়ারের দিকে ব্যাট উঁচিয়ে ধরেন উইকেটরক্ষক ব্যাটার। তার এমন অঙ্গভঙ্গির কারণে ম্যাচ শেষে তাকে জরিমানা করেছে ম্যাচ রেফারি এহসানুল হক। ১০ শতাংশ জরিমানার শাস্তি মেনে নেওয়ায় শুনানির আর প্রয়োজন পড়েনি।
এর আগে ৯৪ রানের লক্ষ্য দিয়ে রূপগঞ্জের কাছে ১০ উইকেটের বড় পরাজয় দেখেছে বিজয়ের দল গাজী গ্রুপ। এবারের ডিপিএলে শাস্তি পাওয়া প্রথম ব্যক্তি বিজয়ই নন, তার আগে শাস্তি পেয়েছেন প্রাইম ব্যাংকের প্রধান কোচ তালহা জুবায়ের, অধিনায়ক ইরফান শুক্কুর ও দলটির ম্যানেজার দেব চৌধুরী।
গতকাল রূপগঞ্জ টাইগার্স ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এক ঘটনায় প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সঙ্গে অধিনায়ক শুক্কুরের নামের পাশে যোগ হয়েছে ৩ ডিমেরিট পয়েন্ট। এর আগের এক ডিমেরিটসহ মোট ৪ পয়েন্ট হওয়ায় পরের ম্যাচ মাঠের বাইরে থাকবেন তিনি।











































