নাপোলির কোচ আন্তোনিও কন্তে (বামে) ও ইন্টারের সিমোনে ইনজাগি।
জমে উঠেছে সিরি আ’র শেষ রাউন্ডের উত্তেজনা। শিরোপার দৌড়ে রয়েছে ইন্টার মিলান ও নাপোলি—মাত্র এক পয়েন্ট ব্যবধান। তবে শিরোপা নির্ধারণী শেষ ম্যাচ গুলোতে ডাগআউটে দেখা যাবে না দুই দলের কোচকেই। নিষেধাজ্ঞার কারণে সাইডলাইন থেকে ছিটকে গেছেন নাপোলির আন্তোনিও কন্তে ও ইন্টারের সিমোনে ইনজাগি।
নাপোলি ও ইন্টার মিলান শুক্রবার মাঠে নামবে নিজেদের শেষ ম্যাচে। শিরোপার লড়াইয়ে এক পয়েন্টে এগিয়ে থাকা নাপোলি মুখোমুখি হবে কাগলিয়ারির, আর ইন্টার খেলবে কোমোর মাঠে। পয়েন্ট সমান হলে ২৬ মে অনুষ্ঠিত হবে প্লে-অফ ম্যাচ। তবে শিরোপা নির্ধারণ শেষ পর্যন্ত প্লে অফে গেলে সাইডলাইনে থাকতে পারবেন দুই দলের কোচ।
চ্যাম্পিয়নস লিগ ফাইনালের কথা মাথায় রেখে নাপোলি ও ইন্টারের ম্যাচ দুটিকে রবিবারের পরিবর্তে শুক্রবার এগিয়ে আনা হয়েছে।
রবিবার পারমার বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া ম্যাচের শেষ মুহূর্তে বিরক্ত কন্তে বিপক্ষ দলের কোচ ক্রিস্টিয়ান চিভুর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে লাল কার্ড পান। একই ঘটনায় ক্রিস্টিয়ান চিভুও লাল কার্ড দেখেন। ইন্টার ও লাজিওয়ের ২-২ গোলে শেষ হওয়া ম্যাচেও উত্তেজনা দেখা দেয়।
রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করায় ইনজাগি ও লাজিওর কোচ মার্কো ব্যারোনি লাল কার্ড পান। অন্যদিকে, রোমার কাছে ৩-১ গোলে হারের পর এসি মিলানের কোচ সার্জিও কনসেইসাও ম্যাচের শেষ মুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন।
লেগা সিরি এ সোমবার নিশ্চিত করেছে, এই পাঁচ কোচই এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। চিভু ছাড়া বাকি সবাইকে ৫,০০০ ইউরো (৫,৬০০ ডলার) জরিমানাও করা হয়েছে।











































