‘আপনি কি আমাদের বাড়িতে ফিরিয়ে নিতে পারবেন’—প্রধানমন্ত্রীর কাছে আকুতি আটকা পড়া বেয়ারস্টোর

জনি বেয়ারস্টো। ছবি: সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গতকাল ভোর থেকে ইরানে যৌথ হামলা চালাচ্ছে। 

হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সেনাপ্রধান, প্রতিরক্ষামন্ত্রীসহ কয়েকশ মানুষ নিহত হয়েছেন।

ইরানও পাল্টা জবাব দিয়ে যাচ্ছে। ইসরায়েলের পাশাপাশি কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও জর্দানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান।

মধ্যপ্রাচ্যে চলমান এই সামরিক সংঘাতের বিরূপ প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইংল্যান্ড লায়ন্স ও পাকিস্তান শাহিনসের দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডে বাতিল করা হয়েছে। 

ইংল্যান্ড লায়ন্সের কোচিং স্টাফের সদস্য ও ব্যাটার জনি বেয়ারস্টো দেশে ফেরার জন্য সাহায্য চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে।

আরব আমিরাতের আবুধাবি ও দুবাইয়ে বিস্ফোরণের তথ্য দিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

মধ্যপ্রাচ্যে অসংখ্য ফ্লাইট বাতিল করেছে বিমান সংস্থাগুলো।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ইরান নিয়ে শনিবার সন্ধ্যায় এক ভিডিও বিবৃতি পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে বেয়ারস্টো লেখেন, ‘আপনি কি আমাদের বাড়িতে ফিরিয়ে নিতে পারবেন?’

৩৬ বছর বয়সী বেয়ারস্টো পরে অভিযোগ করেন, ফ্লাইট বাতিলের পর এয়ারলাইন্সের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি, ‘ফ্লাইট বাতিল হওয়ার পর আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি।

কেউ কি দয়া করে যোগাযোগ করতে পারবেন?’

ইংল্যান্ড লায়ন্সের ম্যাচ বাতিলের পাশাপাশি আরব আমিরাতে ইংল্যান্ড নারী দলের আসন্ন ট্রেনিং ক্যাম্পও আপাতত স্থগিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। 

ইসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের দল ও স্টাফদের নিরাপত্তা ও সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

LEAVE A REPLY