অস্ট্রেলিয়ার পার্লামেন্টে সিনেটর ফাতিমা পেইম্যান। ছবি : এএফপি
অস্ট্রেলিয়ার পার্লামেন্টে এক পুরুষ সহকর্মীর বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ এনেছেন দেশটির মুসলিম সিনেটর ফাতিমা পেইম্যান। সিনেটর জানিয়েছেন, মদ্যপ অবস্থায় ওই সহকর্মী তাকে ওয়াইন খাওয়ার ও টেবিলের ওপর নাচার প্রস্তাব দিয়েছেন।
অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এবিসি জানিয়েছে, ফাতিমা এই ঘটনাটি নিয়ে সংসদের এক তদারকি সংস্থায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন।
এবিসিকে দেয়া সাক্ষাৎকারে ৩০ বছর বয়সী পেইম্যান বলেন, “সেদিন অতিরিক্ত মদ্যপান করে সহকর্মী সিনেটর আমাকে বলেছিলেন, ‘চলো তোমাকে একটু ওয়াইন খাওয়াই, তারপর তোমাকে টেবিলের ওপর নাচতে দেখি।
’”
সিনেটর পেইম্যান জানান, তিনি সঙ্গে সঙ্গে সেই সহকর্মীকে বলেছিলেন, ‘আমি এখানেই সীমারেখা টানছি, মেট।’ এরপর তিনি ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেন।
তবে এই ঘটনার সময় ও অভিযুক্ত সহকর্মীর নাম এখনো প্রকাশ করা হয়নি।
আফগানিস্তানে জন্মগ্রহণকারী ফাতিমা পেইম্যান অস্ট্রেলিয়ার পার্লামেন্টে হিজাব পরিহিত প্রথম সিনেটর হিসেবে পরিচিতি লাভ করেন।
তিনি মদ্যপান করেন না বলেও স্পষ্টভাবে উল্লেখ করেছেন।
এর আগে ২০২১ সালে, সাবেক রাজনৈতিক স্টাফার ব্রিটনি হিগিন্স দাবি করেন, এক সহকর্মী তাকে পার্লামেন্ট অফিসে ধর্ষণ করেছিলেন। এই অভিযোগ সারা দেশে বিক্ষোভের জন্ম দেয় এবং পরে একটি তদন্তে উঠে আসে, অস্ট্রেলিয়ার সংসদ ভবনে অতিরিক্ত মদ্যপান, হয়রানি এবং বুলিং একটি সাধারণ চিত্র।
ফাতিমা পেইম্যানের ঘটনাটি আবারও অস্ট্রেলিয়ার রাজনীতির পরিবেশ ও নারী রাজনীতিবিদদের প্রতি আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে।











































