কালীপূজার খাবারের তালিকায় রাখতে পারেন যে ৮ ঐতিহ্যবাহী বাঙালি পদ

বাঙালির উৎসব মানেই খাবারের নানা আয়োজন। আর কালীপূজাও এর ব্যতিক্রম নয়।মধ্যরাতের পূজার ভোগ থেকে শুরু করে পরিবারের সঙ্গে উৎসবের ভোজ—সব আয়োজনেই থাকে ঐতিহ্যবাহী বাঙালি খাবারের বিশেষ গুরুত্ব। কালীপূজার খাবারের তালিকায় যেমন রয়েছে নিরামিষ পদ, তেমনি আছে মাছ-মাংস ও মিষ্টান্ন। চলুন, জেনে নেওয়া যাক, কালীপূজার ভোজে রাখতে পারেন কোন ৮টি ঐতিহ্যবাহী বাঙালি পদ।

১. চৌদ্দ শাক

কালীপূজার আগের দিন ভূত চতুর্দশীতে চৌদ্দ শাক খাওয়ার প্রচলন রয়েছে।১৪ ধরনের শাক একসঙ্গে হালকা মসলা ও সরিষার তেলে ভেজে তৈরি করা হয় এই পদ। স্বাদ বাড়াতে ব্যবহার করা হয় কাঁচা মরিচ ও বিভিন্ন মসলা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই শাক খেলে অশুভ শক্তির প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়।

২. ভোগের খিচুড়ি

কালীপূজার ভোগের অন্যতম পরিচিত পদ খিচুড়ি।গোবিন্দভোগ চাল ও সোনামুগ ডাল দিয়ে তৈরি এই খিচুড়িতে ঘি, আদা ও সুগন্ধি মসলা ব্যবহার করা হয়। স্বাদে মৃদু মসলাযুক্ত ও সুগন্ধি এই খাবার গরম গরম পরিবেশন করা হয় লাবড়া কিংবা বেগুনির সঙ্গে।

৩. লাবড়া

ভোগের খিচুড়ির সঙ্গে লাবড়ার জুটি বেশ জনপ্রিয়। কুমড়া, বেগুন, আলু, মুলা, ফুলকপিসহ বিভিন্ন সবজি একসঙ্গে ধীরে ধীরে রান্না করে তৈরি হয় এই পদ। পাঁচফোড়নের ফোড়ন ও কোরানো নারকেল এর স্বাদ বাড়ায়।সবজির নিজস্ব স্বাদের কারণে লাবড়ায় পাওয়া যায় হালকা মিষ্টি স্বাদ।আরো পড়ুন

তন্দুর ছাড়াই খাবারে আনুন রেস্তোরাঁর মতো ধোঁয়া ওঠা স্বাদ

তন্দুর ছাড়াই খাবারে আনুন রেস্তোরাঁর মতো ধোঁয়া ওঠা স্বাদ

৪. নিরামিষ পাঁঠার মাংস

কিছু ঐতিহ্যবাহী পরিবারে কালীপূজায় দেবীর উদ্দেশে পাঁঠা বলির প্রচলন রয়েছে। সেই মাংস দিয়ে তৈরি করা হয় বিশেষ পদ। পেঁয়াজ-রসুন ছাড়াই দই, আদাবাটা, সরিষার তেল ও সুগন্ধি মসলা দিয়ে ধীরে ধীরে রান্না করা হয় এই নিরামিষ পাঁঠার মাংস।

৫. বাসন্তী পোলাও

উৎসবের খাবারের তালিকায় বাসন্তী পোলাওয়ের আলাদা জায়গা রয়েছে। গোবিন্দভোগ চাল ঘি, জাফরান, কাজুবাদাম ও কিশমিশ দিয়ে রান্না করা হয়। হলুদাভ রং ও মিষ্টি ঘ্রাণের এই পোলাও নিরামিষ কিংবা মাংসের বিভিন্ন পদের সঙ্গে পরিবেশন করা যায়।

৬. লুচি ও নিরামিষ আলুর দম

বাঙালির উৎসবের খাবারে লুচি ও আলুর দমের জুটি বেশ পরিচিত। ময়দার খামির থেকে তৈরি লুচি তেলে ফুলিয়ে ভাজা হয়। অন্যদিকে ছোট আলু টমেটো, আদা ও বিভিন্ন মসলা দিয়ে ঘন ঝোলের মতো করে রান্না করা হয় নিরামিষ আলুর দম। দিনের বেলায় পারিবারিক আয়োজনের জন্য এটি বেশ জনপ্রিয় খাবার।

৭. শর্ষে ইলিশ

যাঁরা উৎসবের খাবারে মাছ রাখতে পছন্দ করেন, তাঁদের জন্য শর্ষে ইলিশ হতে পারে বিশেষ আয়োজন। হলুদ ও কালো সরিষাবাটা, কাঁচা মরিচ দিয়ে ইলিশ মাছ রান্না করা হয়। গরম ভাতের সঙ্গে সর্ষে ইলিশের স্বাদ বাঙালির কাছে বরাবরই বিশেষ।

৮. ছানার পায়েস

উৎসবের খাবারের শেষ পাতে মিষ্টি না হলে যেন আয়োজন পূর্ণ হয় না। ছানার পায়েস এমনই একটি জনপ্রিয় মিষ্টান্ন। দুধ জ্বাল দিয়ে ঘন করে তাতে নরম ছানার টুকরা মেশানো হয়। এলাচের সুগন্ধ ও বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করা হয় এই মিষ্টি পদ।

LEAVE A REPLY