হামাসকে সন্ত্রাসী স্বীকৃতির শর্তে নেতানিয়াহুবিরোধী জোটে যেতে চান মনসুর আব্বাস

ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক আলোচনা চলছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুবিরোধী জোটের সঙ্গে সরকার গঠনের আলোচনায় হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত রয়েছেন আরব দল ‘রাআমে’র চেয়ারম্যান মনসুর আব্বাস।

 তবে বিনিময়ে অন্য ইসরায়েলি দলগুলোর সঙ্গে সমানভাবে কাজ করার সুযোগ এবং নতুন সরকারে অংশীদারত্ব চান তিনি।

এটি কোনো আদর্শিক পরিবর্তন নয়, বরং রাজনৈতিকভাবে ক্ষমতার অংশীদার হওয়ার চেষ্টা। তাই রাজনৈতিক স্বার্থে নেওয়া এই সিদ্ধান্তকে আদর্শের পরিবর্তন হিসেবে দেখা ঠিক হবে না।

হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়া কোনো রাজনৈতিক দরকষাকষির বিষয় হওয়া উচিত নয়।বরং হামাসের সহিংসতা ও কর্মকাণ্ডের বিরোধিতা করেন, এমন রাজনীতিবিদদের জন্য এটি একটি ন্যূনতম অবস্থান হওয়া উচিত।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, আব্বাসের এই অবস্থানের ফলে নেতানিয়াহুবিরোধী জোটে রাআমের যোগদানের পথ সহজ হতে পারে। কারণ, জোটের নেতা গাদি আইজেনকট সরকারে যোগ দেওয়ার শর্ত হিসেবে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন।

ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলানও বলেছেন, এ বিষয়টি আব্বাসের জন্য বাধা হবে না এবং এ নিয়ে আলোচনা হতে পারে।

তবে আব্বাস সরাসরি কোনো দর-কষাকষির কথা স্বীকার করেননি।

তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে তাঁরা হামাসকে বিলুপ্ত করার বিষয়টি মেনে নিয়েছেন। রাআম সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। একই সঙ্গে নতুন সরকারে অংশ নেওয়াকে নিজেদের অধিকার বলে মনে করে দলটি।

হামাসকে ‘দাতব্য সংস্থা’ বলার অভিযোগ অস্বীকার করেছেন রাআমের আইনপ্রণেতা ইয়াসের হুজিরাত।

তার দাবি, ইসরায়েলি একটি সংবাদমাধ্যম তাঁর বক্তব্য সম্পাদনা করে বিকৃতভাবে প্রকাশ করেছে। তিনি বলেন, হামাসের হত্যা, অপহরণ ও সহিংসতার তিনি বিরোধিতা করেন এবং সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানান।

অন্যদিকে, ইসরায়েল বেইতেনু পার্টির নেতা আভিগদর লাইবারম্যান জানিয়েছেন, দুটি আরব দলের সমর্থননির্ভর কোনো সংখ্যালঘু সরকারে তিনি যোগ দেবেন না। তিনি নেতানিয়াহুবিরোধী জোটকে কট্টর-অর্থোডক্স দল ইউটিজে ও শাসের সঙ্গে জোট গড়ার আহ্বান জানিয়েছেন। তবে এই দুই দল কট্টর-অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের পক্ষে নয়, যা লাইবারম্যানের দাবির বিপরীত।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে রাআমের আটটি, জয়েন্ট লিস্টের ১১টি, ইউটিজের সাতটি এবং শাসের ছয়টি আসন রয়েছে। ডেমোক্র্যাটস পার্টির আইনপ্রণেতা নাআমা লাজিমি বলেছেন, নেতানিয়াহুবিরোধী জোটের নতুন সরকারে রাআমের জায়গা থাকা উচিত। তার মতে, আরব জনগোষ্ঠীকে বাদ দিয়ে ইসরায়েলে গণতন্ত্র পুনর্গঠন সম্ভব নয়।

এদিকে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটে ৪৮ জন আইনপ্রণেতা রয়েছেন। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন পেতে তাদের আরো ১৩ জনের সমর্থন দরকার। এ লক্ষ্যে বর্তমান স্পিকার আমির ওহানাকে সরিয়ে মাতান কাহানাকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছে তারা।

জয়েন্ট লিস্টের আইনপ্রণেতা আহমাদ তিবি জানিয়েছেন, তারা কাহানার পক্ষে ভোট দেবেন। আগামী মঙ্গলবার এ বিষয়ে ভোটাভুটির পরিকল্পনা রয়েছে। বিরোধী জোট স্পিকার পদ ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির নিয়ন্ত্রণ নিতে পারলে আটকে থাকা বিভিন্ন বিল পাসের উদ্যোগ নিতে পারবে। এর মধ্যে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠনের প্রস্তাবও রয়েছে।

LEAVE A REPLY