সিমোনে ইনজাগি ও লুইস এনরিকে (ডানে)। ছবি : এএফপি
চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগের দিন। পুরো ইউরোপের ফুটবল মহলে উত্তেজনার পারদ সর্বোচ্চ স্তরে। এর মাঝেই আত্মবিশ্বাসী কণ্ঠে সংবাদমাধ্যমের সামনে দাঁড়ালেন ইন্টার মিলান কোচ সিমোনে ইনজাগি। শোনালেন দল নিয়ে তার আশার কথা।
ইউরোপ সেরার লড়াইয়ের আগে নিজের দলকে নিয়ে যেমন আশাবাদী, তেমনি বিন্দুমাত্র রাখঢাক না রেখেই প্রতিপক্ষ পিএসজি এবং তাদের কোচ লুইস এনরিকের প্রতি উচ্চ প্রশংসা জানালেন ইনজাগি।
সংবাদ মাধ্যামের সামনে ইনজাগি বললেন, ‘জিততে হলে আমাদের সব কিছু উজাড় করে দিতে হবে। ম্যাচের প্রতিটি খুঁটিনাটি ব্যাপার গুরুত্বপূর্ণ। আমরা মুখোমুখি হবো পিএসজির মতো এক দুর্দান্ত দলের, যারা ভয়ংকরভাবে শক্তিশালী এবং যাদের কোচ লুইস এনরিক, যাকে আমি খুবই শ্রদ্ধা করি।
’
সিরি আ’তে শিরোপা হাতছাড়া হলেও ইউরোপ নিয়ে যেন নতুন করে বাঁচতে চাইছে ইন্টার। তিনি জোর দিয়ে বলেন, ‘স্কুদেত্তোর (সিরি আ শিরোপা) হতাশা আমরা পেছনে ফেলেছি। দল এখন অনেক বেশি দৃঢ়প্রতিজ্ঞ। আগ্রহ আছে, কিন্তু তা আবেগের বাইরে যায়নি—এটাই ইতিবাচক দিক।
’
দুই বছর আগে ইস্তাম্বুলে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির কাছে হার—আজও অনেকের স্মৃতিতে। ইনজাগিরও। সেই ফাইনাল প্রসঙ্গে ইনজাগি বলেন, ‘তখন আমরা ফেভারিট ছিলাম না, তবুও দারুণ খেলেছিলাম। এবার প্রস্তুতি কিছুটা আলাদা। প্রতিটি ফাইনালই আলাদা গল্প বলে।
’
ইনজাগির মতে, ফাইনালে বল দখল ও গতি নিয়ন্ত্রণ হবে ম্যাচের মূল চাবিকাঠি। ‘পিএসজি ইউরোপে বলের দখলে শীর্ষে, আর আমরা ইতালিতে। দুই দলই বল নিয়ে খেলতে ভালোবাসে। তাই বল ঘোরানো আর প্রতিপক্ষকে স্পেস না দেওয়া—এটাই হবে ম্যাচ নির্ধারণী। পিএসজির মতো দল আপনার ভুল ক্ষমা করবে না,’ সতর্ক করেন ইন্টার কোচ।
ফাইনালের আগে নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করতে চান না ইনজাগি। ‘এটা আমার ব্যাপার না। এখন শুধু ফাইনাল নিয়ে ভাবছি। বোর্ডের সঙ্গে আমার সম্পর্ক ভালো। মঙ্গলবার আলোচনা হবে।’











































