পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জরুরি চিকিৎসার আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।
বিবিসি জানায়, একই সঙ্গে তার স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
আইনজীবী সালমান সাফদারের প্রকাশ করা এক চিঠিতে ইমরান খান এসব কথা জানান। চিঠিতে তিনি লিখেছেন, ‘৭৪ বছর বয়সে এভাবে টানা কারাবন্দি জীবন আমাকে এমন অবস্থায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে হয়তো আর জীবিত ফিরতে পারব না।’ তবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কর্তৃপক্ষ বলছে, প্রতি সপ্তাহে চিকিৎসকরা ইমরান খানকে পরীক্ষা করেন।তাদের মতে, তার শারীরিক অবস্থা সন্তোষজনক।
ইমরান খানের বিরুদ্ধে ১০০টির বেশি মামলা রয়েছে। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাগারে আছেন। গত বছর তার স্ত্রী বুশরা বিবিকেও কারাগারে পাঠানো হয়।
দুর্নীতি ও রাষ্ট্রীয় উপহার বিক্রিসহ বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে ইমরান খানের দাবি, রাজনৈতিক কারণে এসব মামলা করা হয়েছে।
গত এক বছরে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বেড়েছে। তার পরিবারের অভিযোগ, কারা কর্তৃপক্ষ সময়মতো চিকিৎসার ব্যবস্থা না করায় ডান চোখের বেশির ভাগ দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি। চিঠিতে ইমরান খান জানান, চিকিৎসকেরা তাকে বলেছেন, তার মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হৃদ্যন্ত্র বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি অনেক বেশি।
স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও উদ্বেগ জানিয়েছেন ইমরান। তার দাবি, গত এপ্রিলে বুশরা বিবির চোখের রেটিনা সরে যায়। এরপর গোপনে তার অস্ত্রোপচার করা হয়। আবার অস্ত্রোপচার না করালে বুশরা দৃষ্টিশক্তি হারাতে পারেন বলে আশঙ্কা করছেন তিনি।
চিঠিতে ইমরান খান আরও বলেন, অসংখ্য মামলায় আইনি লড়াই চালিয়ে গেলেও এখন বিচারব্যবস্থা তাকে ন্যায়বিচার দিচ্ছে না। তিনি লিখেছেন, ‘আমি কখনো আইনি লড়াই থেকে সরে আসিনি। কিন্তু বিচারব্যবস্থা আমাকে ন্যায়বিচার দেওয়া বন্ধ করে দিয়েছে।’
ইমরান খানের অভিযোগ, তাকে প্রতিদিন ২২ ঘণ্টা পর্যন্ত একা একটি কক্ষে রাখা হয়। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়া হয় না। বই পড়া বা টেলিভিশন দেখার সুযোগও পান না তিনি। এতে তার মানসিক স্বাস্থ্যের ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে। তিনি আরো দাবি করেন, গত এক বছরে আইনজীবীদের সঙ্গে মাত্র চারবার দেখা করার সুযোগ পেয়েছেন। চিঠিতে ইমরান খান লিখেছেন, ‘আমি বেঁচে থাকলেই কেবল নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারব।’
তবে ইমরানের এসব অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী। তিনি বলেছেন, কারাগারে ইমরান খানকে খাবারসহ সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এমনকি তিনি নিজের পছন্দের খাবারও পাচ্ছেন। সাংবাদিকদের মন্ত্রী বলেন, ‘বর্তমানে পাকিস্তানের কারাগারে সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা পাওয়া বন্দি হলেন তিনি।’
পাকিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে, এক সপ্তাহ আগে চোখে ইনজেকশন দেওয়ার জন্য ইমরান খানকে সরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানান। ইমরান খান একসময় পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৩ সালের মে মাসে ইমরান খান গ্রেপ্তার হওয়ার পর তার সমর্থকেরা দেশজুড়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে এসব বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। লাহোরে সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালান বিক্ষোভকারীরা। তারা বাড়ির ঝাড়বাতি ভাঙচুর করেন। সেখান থেকে আসবাবপত্র, ছবি এমনকি ময়ূরও নিয়ে যান। এসব সহিংসতায় অন্তত আটজন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন করা হয়। কারাগারে থাকলেও পাকিস্তানের রাজনীতিতে ইমরান খানের প্রভাব এখনো রয়েছে।
গত অক্টোবরের শুরুতে তার হাজার হাজার সমর্থক কয়েক দিন ধরে পদযাত্রা করেন। তাদের প্রধান দাবি ছিল, ইমরান খানকে মুক্তি দিতে হবে। পরে বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয় পাকিস্তানের কর্তৃপক্ষ। ইমরানের দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়। এদিকে, গত কয়েক মাসে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের সাবেক কয়েকজন অধিনায়ক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে একাধিকবার আবেদন জানিয়েছেন। তাদের দাবি, ইমরান খানকে যেন যথাযথ চিকিৎসা দেওয়া হয়।










































