চরকির অসৌজন্যমূলক আচরণ, নিন্দা ও প্রতিবাদ জানাল বাচসাস

‘উৎসব’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে অপমানিত হয়ে ফিরে আসতে হয়েছে বিনোদন সাংবাদিকদের। প্রযোজনাপ্রতিষ্ঠান ‘চরকি’র এমন অসৌজন্যমূলক আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। একটি বিবৃতি প্রকাশ করে তারা চরকির এই আচরণের তীব্র নিন্দা জানায়।

সম্প্রতি প্রযোজনাপ্রতিষ্ঠান ‘চরকি’ বিনোদন সাংবাদিকদের জন্য তার প্রযোজিত ‘উৎসব’ সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করে।

নির্ধারিত দিনে আমন্ত্রিত বিনোদন সাংবাদিকরা প্রদর্শনীতে হাজির হলেও তাদের জন্য সিনেমা হলে কোনো আসন রাখা হয়নি। এতে তাদেরকে আপমানিত হয়ে ফিরে আসতে হয়।  বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) মনে করে, আমন্ত্রণ জানিয়ে ‘চরকি’র এ ধরনের আচরণ পুরো বিনোদন সাংবাদিক সমাজকে অবমাননা ও অপমান করা হয়েছে। বাচসাস ‘চরকি’র এমন অশোভন, অভব্য ও শিষ্টাচার বহির্ভূত আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

গত শুক্রবার (২০ জুন) বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল প্রযোজনাপ্রতিষ্ঠান চরকির এমন ন্যক্কার ও ধিক্কারজনক আচরণের জন্য কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানান।

5

এক বিজ্ঞপ্তিতে তারা বলেন, “দেশের চলচ্চিত্রের সূচনালগ্ন থেকে চলচ্চিত্র সাংবাদিকরা চলচ্চিত্রের উন্নয়ন, বিকাশ ও প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাচসাস চলচ্চিত্রসহ সাংস্কৃতিক অঙ্গনে সেতুবন্ধ রচনা করেছে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সাম্প্রতিক সময়ে বিনোদন সাংবাদিকদের সাথে কোনো কোনো সিনেমা নির্মাতাপ্রতিষ্ঠান, প্রযোজক, পরিচালক, শিল্পীর অসৌজন্য ও জবরদস্তিমূলক আচরণ সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে, যা কোনোভাবেই কাম্য নয়।

আমরা মনে করি, দেশের সংস্কৃতির উন্নয়ন ও এগিয়ে নিতে নির্মাতা, প্রযোজক, শিল্পী, কলাকুশলী ও সাংবাদিকরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। এমতাবস্থায়, পারস্পরিক সহযোগিতামূলক আচরণ কাম্য। আমরা আশা করি, ‘চরকি’ সাংবাদিকদের সাথে যে অশোভনীয় ও অপমানজনক আচরণ করেছে, তার পুনরাবৃত্তি হবে না। প্রত্যেকের কাছ থেকে পারস্পরিক সহযোগিতামূলক আচরণ প্রত্যাশা করি।”

LEAVE A REPLY