থুথু-কাণ্ডে ছয় ম্যাচের পর লিগে আরো তিন ম্যাচ নিষিদ্ধ সুয়ারেজ

ছবি : এএফপি

লিগস কাপ ফাইনালে বিতর্কিত ঘটনার জেরে ছয় ম্যাচের নিষেধাজ্ঞার পর এবার মেজর লিগ সকারেও (এমএলএস) বড় শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন ইন্টার মায়ামির তারকা লুইস সুয়ারেজ। এমএলএস জানিয়েছে, গত ৩১ আগস্ট সিয়াটল সাউন্ডার্সের এক স্টাফের ওপর থুতু ফেলার অপরাধে তাকে অতিরিক্ত তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আগামী ১৩ সেপ্টেম্বর (শনিবার) শার্লট এফসির বিপক্ষে ম্যাচ থেকেই কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। এরপর ১৬ সেপ্টেম্বর সিয়াটল সাউন্ডার্স ও ২০ সেপ্টেম্বর ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচগুলোতেও খেলতে পারবেন না উরুগুয়ের এ ফরোয়ার্ড।

এর আগে লিগস কাপ শৃঙ্খলাবিষয়ক কমিটি সুয়ারেজকে টুর্নামেন্টের পরের ছয় ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল।

লুমেন ফিল্ডে অনুষ্ঠিত ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩–০ গোলে হারের পর মাঠেই তর্কে জড়িয়ে পড়েন সুয়ারেজ। ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের এক স্টাফের ওপর থুতু ফেলায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে ক্ষমা চান সাবেক বার্সেলোনা ও লিভারপুল তারকা।

সুয়ারেজ বলেন, ‘খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রচণ্ড উত্তেজনা ও হতাশার মধ্যে এমন কিছু ঘটেছে, যা ঘটানো উচিত হয়নি। আমার প্রতিক্রিয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি ভুল করেছি এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

এর আগেও মাঠে এমন বিতর্কিত কাণ্ডে জড়িয়ে বেশ কয়েকবার শাস্তি পেয়েছেন সুয়ারেজ।শুধু প্রতিপক্ষকে কামড়ে দিয়েই তিনি তিনবার নিষিদ্ধ হয়েছেন ক্যারিয়ারে। বর্ণবাদের কারনেও তিনি হয়েছিলেন নিষিদ্ধ। তবে এই অভিযোগ তিনি বরাবরই অস্বীকার করে এসেছেন। 

এদিকে, ফাইনাল শেষে দুই দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে সাউন্ডার্সের স্টাফ স্টিভেন লেনহার্টেরও শাস্তি হয়েছে। পুরো ২০২৫ মৌসুম ও প্লে–অফে তার মাঠে প্রবেশের অনুমতি বাতিল করেছে এমএলএস।

শুধুমাত্র সাধারণ দর্শকসারিতে বসেই তিনি ম্যাচ দেখতে পারবেন। ২০২৬ মৌসুমের আগে তার প্রবেশাধিকার আবার পর্যালোচনা করা হবে।

ক্লাব হিসেবে সিয়াটল সাউন্ডার্সকেও জরিমানা গুনতে হচ্ছে, তবে টাকার অঙ্ক প্রকাশ করেনি লিগ কর্তৃপক্ষ।

অন্যদিকে, ইন্টার মায়ামির সার্জিও বুসকেটস ও তোমাস আবিলেসও শাস্তি পেয়েছেন লিগস কাপে। বুসকেটসকে দুই ম্যাচ ও আবিলেসকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। তবে এমএলএস থেকে বাড়তি কোনো শাস্তি না পাওয়ায় শার্লট এফসির বিপক্ষে দলের হয়ে মাঠে নামতে পারবেন তারা।

LEAVE A REPLY