নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিন যুবককে গ্রেফতার করেছে র্যাব-১১। বুধবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-১১’র অপস অফিসার মো. গোলাম মোর্শেদ।
এর আগে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মধ্যরাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- খোরশেদ (৪৬), রিপন (৩০) ও জয় (২৬)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব উল্লেখ করে, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিভিন্ন তথ্য সংগ্রহ ও গোয়েন্দা নজরদারী চলমান ছিল। রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় একটি বিদেশি রিভলভার, একটি বিদেশী ফ্লেয়ার গান, দুই রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা অবৈধ ভাবে বিদেশি আগ্নেয়াস্ত্র দ্বারা সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ভয়-ভীতি ও সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তাদের কাছে থাকা অস্ত্রগুলোর কোনো বৈধ কাগজপত্র নেই। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।










































