হোটেলে পেঁয়াজ-আলু ছিলেছেন, আজ বলিউডের পরিচিত মুখ

সংগৃহীত ছবি

খ্যাতিমান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি আজ ভারতীয় সিনেমার পরিচিত মুখ হলেও, তার পেছনের পথচলাটা সহজ ছিল না। অভিনয়ে আসার আগে জীবনের একটা বড় সময় তাকে কাটাতে হয়েছে হোটেলের কিচেনে।সম্প্রতি নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে হাজির হয়ে নিজের সেই অজানা ও সংগ্রামের দিনগুলোর কথা ভাগ করে নেন এই অভিনেতা।

শো-র খোলামেলা আড্ডায় পঙ্কজ ত্রিপাঠি স্মৃতিচারণা করে জানান, অভিনয়জগতে নাম লেখানোর আগে তিনি টানা দুই বছর একটি হোটেলে পেঁয়াজ ও আলুর খোসা ছাড়ানোর কাজ করেছিলেন। রান্নাঘরের সেই একঘেয়ে কাজের দিনগুলোতে তিনি নিজেকে বারবার প্রশ্ন করতেন, এটাই কি তার শেষ নিয়তি? পঙ্কজ বলেন, ‘আমি আলু-পেঁয়াজ কাটতাম আর ভাবতাম, এই কাজ করেই কি আমার জীবন কেটে যাবে? কিন্তু আমার সবসময় বিশ্বাস ছিল, ভাগ্য আমার জন্য আরো বড় কোনো পরিকল্পনা করে রেখেছে।’

সেই হোটেল জীবন থেকে বেরিয়ে শেষ পর্যন্ত অভিনয়ে যুক্ত হওয়া এবং নিজের পথ খুঁজে নেওয়ার ঘটনাগুলোকে তিনি জীবনের স্বাভাবিক নিয়ম বলেই মনে করেন।

শো চলাকালীন ওটিটি প্ল্যাটফর্মের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে ‘মির্জাপুর’ খ্যাত এই তারকা জানান, ওটিটি আসার কারণেই তার মতো সাধারণ পরিবার থেকে আসা বহিরাগতদের পক্ষে সুযোগ তৈরি হয়েছে। হোটেলের কাজ থেকে শুরু করে কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ নিজেদের জায়গা তৈরি করার এই পথকে তিনি ইতিবাচক হিসেবেই দেখেন।

পাশাপাশি পঙ্কজ জানান, সফলতা পাওয়ার পর তাকে রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে তিনি তা বিনীতভাবে প্রত্যাখ্যান করে বলেন, ‘অনেক কষ্টে হোটেল থেকে উঠে এসে অভিনয়ের এই পরিচিতি তৈরি করেছি।অভিনয়ের কাজটা তো ভালোই চলছে, তা ছেড়ে এত বড় দায়িত্বে কেন যাব?’ কঠোর সংগ্রামের পথ পেরিয়ে আজ যে পরিচয় তিনি গড়ে তুলেছেন, তাতেই তিনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।

LEAVE A REPLY