শাকিব খানের পোস্টের পরেই ছেলেকে নিয়ে অপুর পোস্ট

সংগৃহীত ছবি

জন্মের পর থেকেই আলোচনায় চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়। আজ ১০ বছরে পা দিলেন বাংলাদেশের আলোচিত এই স্টার কিড।

আব্রাহামের জন্মদিন উপলক্ষে মা-বাবা দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের প্রতি ভালোবাসা জানিয়ে পোস্ট দিয়েছেন। 

শাকিব খান ছেলের সঙ্গে যুক্তরাষ্ট্রে ঘোরাঘুরির একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন ছোট্ট রাজকুমার।

তুমি যেন বড় হয়ে ওঠো একজন সৎ, সাহসী ও হৃদয়বান মানুষ হিসেবে। মহান আল্লাহর কাছে আমার একটাই প্রার্থনা, তোমার জীবনে সুখ, শান্তি আর সফলতার সব দরজা যেন সর্বদা উন্মুক্ত থাকে। মনে রেখো, আমি সব সময় তোমার সাথে আছি, যখনই তোমার প্রয়োজন। অনেক ভালোবাসা আমার বাচ্চাটা।

নায়াগ্রা ভ্রমনের সময় এভাবেই পাওয়া গেছে বাবা শাকিব খান ও সন্তান আব্রাহাম খান জয়কে

এরপর অপু বিশ্বাস ছেলের সঙ্গে কেক কাটার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার প্রিয়। তোমার হাসি, তোমার সরলতা—সব কিছুই আমার কাছে অমূল্য। তোমার স্বপ্নগুলো সত্যি হোক। মা তোমাকে অনেক ভালোবাসি, এখন এবং চিরকাল।

জয়কে ঘিরে এই জন্মদিন যেন ভক্তদের কাছেও এক বিশেষ দিন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, তার সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন।

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেন আব্রাহাম খান জয়। ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। প্রায় আট বছর গোপনেই সংসার করার পর ২০১৭ সালের এপ্রিল মাসে অপু বিশ্বাস এক টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে বিয়ের খবর ও সন্তানের বিষয়ে প্রথম জানান।

এই ঘটনা তখন ঢালিউড ইন্ডাস্ট্রিতে তুমুল আলোচনার জন্ম দেয়। সেই ঘটনার পর শাকিব-অপুর সম্পর্ক তিক্ততায় রূপ নেয় এবং কিছুদিনের মধ্যেই তারা আলাদা হয়ে যান। এর পর থেকে জয় মূলত মায়ের কাছেই বড় হয়ে উঠছে। তবে বিশেষ উপলক্ষে বাবার সঙ্গেও সময় কাটাতে দেখা যায় তাকে।

LEAVE A REPLY