জয়ের পর হাসিমুখে রোহিত-কোহলি। ছবি : এএফপি
ক্যারিয়ারের গোধূলিলগ্নে আসায় রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করেন। কেউ কেউ আবার এক কাঠি সরেস। ৩৮ বছর বয়স হওয়ায় সাবেক অধিনায়ককে বাতিলের খাতায় ফেলেছেন।
তবে সব কিছুর জবাব আজ ব্যাটেই দিলেন রোহিত।
সিডনিতে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে। তার সেঞ্চুরিতেই ৯ উইকেটের জয় পেয়েছে ভারত। তাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই এড়িয়েছে অধিনায়ক শুবমান গিল। ৬৯ বল হাতে রেখে অস্ট্রেলিয়াকে হারানোর মধ্যে দিয়ে ওয়ানডে অধিনায়কত্বে প্রথম জয় পেয়েছেন গিল।
ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরিটা অবশ্য দ্বিতীয় ওয়ানডেতেই পেতে পারতেন রোহিত। অ্যাডিলেডে দারুণ খেলার পরেও মিচেল স্টার্কের বাজে এক বলে পুল খেলতে গিয়ে ৭৩ রানে থামেন। ৭ চার ও ২ ছক্কার সেই ইনিংসের আক্ষেপ যেন আজ ঘোচালেন তিনি। তবে তিন অঙ্ক স্পর্শ করলেও উদযাপন সাদামাটাই রাখলেন।
অ্যাডাম জাম্পার বলে লং অফে সিঙ্গেল নিয়ে শতরান নিশ্চিত হওয়ার পর শুধু ব্যাটটা উঁচিয়ে ধরলেন। যেন সমালোচনাকারীদের বুঝিয়ে দিলেন আমার উচ্ছ্বাস ব্যাটেই প্রকাশ পেয়েছে।
ওপেনিংয়ে নেমে ১২১ রানে অপরাজিত থেকেছেন রোহিত। ইনিংসটি সাজিয়েছেন ১৩ চার ও ৩ ছক্কায়। তার সঙ্গে জয় নিয়ে মাঠ ছেড়েছেন বিরাট কোহলিও।
‘রান মেশিন’ খ্যাত ব্যাটারও রানে ফিরেছেন। টানা দুই ইনিংসে ‘ডাক’ মারা ভারতীয় ব্যাটার আজ ৭৪ রানের ইনিংস খেলেছেন। ইনিংসে কোনো ছক্কা না থাকলেও ৩৬ বছর বয়সী ব্যাটার চার মেরেছেন ৭টি।
দ্বিতীয় উইকেটে ১৬৮ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে মাঠ ছেড়েছেন রোহিত-কোহলি। এর আগে ২৩৭ রান তাড়া করতে নেমে গিলের সঙ্গে ওপেনিং জুটিতে ৬৯ রান তোলেন রোহিত। ২ চার ও ১ ছক্কায় ২৪ রানে জশ হ্যাজলউডের শিকার হন গিল।
রোহিত-কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ের আগে দারুণ বোলিং করেছেন হারশিত রানা-ওয়াশিংটন সুন্দররা। কেননা অস্ট্রেলিয়াকে ২৩৬ রানের বেশি করতে দেননি তারা। শুরুটা অবশ্য ভালোই করেছিল স্বাগতিকরা। উদ্বোধনী জুটিতে ৬১ রান তুলেছিলেন দুই ওপেনার মিচেল মার্শ (৪১) ও ট্রাভিস হেড (২৯)। তারা আউট হতেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় অস্ট্রেলিয়া। মাঝে ৫৬ রানের ইনিংস খেলে দলের হাল ধরেছিলেন ম্যাট রেনশ। তবে দল হারায় তা কাজে আসেনি। ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন পেসার রানা।









































