সংগৃহীত ছবি
গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপা জয়ের পথে লিভারপুল হেরেছিল মাত্র চার ম্যাচ। কিন্তু নতুন মৌসুমে সেই সংখ্যা পেরিয়ে গেছে লিগের প্রথম এক-তৃতীয়াংশেই। প্রথম পাঁচ ম্যাচে টানা জয়ের পর হঠাৎ যেন ছন্দ হারিয়েছে অল রেডরা।
শনিবার রাতে ব্রেন্টফোর্ডের মাঠে ৩–২ গোলে হারের মধ্য দিয়ে চতুর্থ পরাজয়ের স্বাদ নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে হতাশ স্লট বললেন, ‘চার হারের মধ্যে এটিই আমাদের সবচেয়ে বাজে পারফরম্যান্স। প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধের বেশ কিছু সময় আমরা নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারিনি। প্রতিপক্ষ অনেক বেশি ডুয়েল জিতেছে।’
ম্যাচের শুরুতেই ধাক্কা খায় লিভারপুল।
মাত্র পাঁচ মিনিটের মাথায় কর্নার থেকে ডাংগো ওয়াতারার গোলে এগিয়ে যায় স্বাগতিক ব্রেন্টফোর্ড। এরপর কয়েকটি সুযোগ পেলেও সমতায় ফিরতে পারেনি অল রেডরা। বরং প্রথমার্ধের শেষ দিকে কেভিন শাডের গোলে ব্যবধান বাড়ায় ব্রেন্টফোর্ড। যোগ করা সময়ে মিলোস কেরকেজের গোল কিছুটা আশার আলো দেখালেও লিভারপুল বিরতিতে যায় ২–১ ব্যবধানে পিছিয়ে।
দ্বিতীয়ার্ধে ফের বিপদে পড়ে অতিথিরা। ৬০ মিনিটে ইগর থিয়াগোর পেনাল্টি গোলে ৩–১ করে ফেলে ব্রেন্টফোর্ড। ম্যাচের শেষ দিকে ৮৯ মিনিটে ছয় ম্যাচ পর গোলের দেখা পান মোহাম্মদ সালাহ, তবে ব্যবধান ৩–২ এ কমিয়ে আনলেও সমতা ফেরানোর মতো সময় আর ছিল না স্লটের দলের হাতে।
নয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে নেমে গেছে পয়েন্ট তালিকার ছয় নম্বরে। শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৮ ম্যাচে ১৯।
প্রিমিয়ার লিগের ইতিহাসে চতুর্থবারের মতো বর্তমান চ্যাম্পিয়ন দল টানা চার বা তার বেশি ম্যাচে হারের মুখ দেখল। এর আগে ২০১৬–১৭ মৌসুমে লেস্টার সিটি টানা পাঁচ ম্যাচ, ২০২০–২১ মৌসুমে লিভারপুল টানা চার ম্যাচ এবং গত মৌসুমে ম্যানচেস্টার সিটি টানা চার ম্যাচে হেরেছিল। অর্থাৎ ইতিহাসে দুইবারই এই পরিসংখ্যানের অংশ লিভারপুল।
অন্যদিকে, একই রাতে ওল্ড ট্রাফোর্ডে উচ্ছ্বাসের ম্যাচ। রুবেন আমোরিমের ম্যানচেস্টার ইউনাইটেড ব্রাইটনকে হারিয়েছে ৪–২ গোলে। টানা তৃতীয় জয়ে ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সেরা চারে জায়গা করে নিয়েছে রেড ডেভিলরা। জয়ের পথে ব্রায়ান এমবুমো করেন জোড়া গোল। মাথেউস কুইয়া ও কাসেমিরোর পা থেকে আসে একটি করে গোল।
ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের দুর্দান্ত প্রত্যাবর্তন অব্যাহত রেখেছে সান্ডারল্যান্ড। যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় চেমসদিন তালবির দুর্দান্ত গোল চেলসিকে ২-১ ব্যবধানে হারিয়ে দিয়েছে ঘরের মাঠে।
ম্যাচের শুরুতে অবশ্য আলেহান্দ্রো গারনাচোর গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। ম্যাচের ২২ মিনিটে ফরাসি ফরোয়ার্ড উইলসন ইসিদরোর গোলে সমতায় আসে সান্ডারল্যান্ড। পরে ম্যাচ যখন ড্রয়ের পথে ঠিক তখন যোগ করা সময়ের তৃতীয় মিনিটে মরক্কোর উইঙ্গার তালবি গোল করে সান্ডারল্যান্ডকে জয় এনে দেন।
এই জয়ে ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে আছে সান্ডারল্যান্ড। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে নেমে এসেছে চেলসি।









































