সংগৃহীত ছবি
নাপোলির আশঙ্কাই সত্যি হলো। দলের তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা গুরুতর চোট পেয়েছেন। উরুর পেশিতে বড় ধরণের ইনজুরির কারণে তাকে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে।
শনিবার ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচে পেনাল্টি থেকে গোল করার পরই ডি ব্রুইনা হঠাৎ ব্যথায় কাতর হয়ে পড়েন।
ডান উরুর পেছনের অংশে হাত দিয়ে মাটিতে বসে পড়েন এই বেলজিয়ান তারকা। চিকিৎসকরা সঙ্গে সঙ্গে মাঠে প্রবেশ করেন এবং তাকে দুইজন সহকারীর সাহায্যে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে বেঞ্চে বসা অবস্থায় দেখা যায়, তার উরুতে ব্যান্ডেজ করা এবং পাশে রাখা ক্রাচ।
এক বিবৃতিতে সোমবার নাপোলি কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচে পাওয়া ইনজুরির পর কেভিন ডি ব্রুইনার মেডিক্যাল পরীক্ষায় তার ডান উরুর ফেমোরাল বাইসেপে বড় মাত্রার ক্ষত ধরা পড়েছে।
তিনি ইতিমধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন।’
তবে কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন ডি ব্রুইনা তা জানায়নি ক্লাবটি। ধারণা করা হচ্ছে, প্রাক-মৌসুমে নাপোলি ও বেলজিয়ামের আরেক খেলোয়াড় রোমেলু লুকাকু যে ধরণের ইনজুরিতে পরেছিলেন এটি তেমনই। লুকাকু জানুয়ারিতে ফিরতে পারেন।
ইন্টার ম্যাচে পেনাল্টি থেকে গোল করার পর সিরি আ-তে ডি ব্রুইনার গোলসংখ্যা দাঁড়ায় আট ম্যাচে চার। সেই জয়েই নাপোলি উঠে আসে লিগের শীর্ষে। তবে এই সাফল্যের আনন্দ ম্লান করে দিয়েছে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট।
এর আগে থেকেই ইনজুরিতে ভুগছেন আরেক মিডফিল্ডার স্তানিস্লাভ লোবটকা। ডিসেম্বর-জানুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশন্সে খেলতে যাবেন অপর মিডফিল্ডার ফ্রাঙ্ক অ্যাঙ্গুইসা।
ফলে নাপোলির মাঝমাঠে এখন বড় সংকট দেখা দিয়েছে।
এই ইনজুরি বেলজিয়াম জাতীয় দলকেও বিপাকে ফেলেছে। আগামী মাসে রয়েছে তাদের গুরুত্বপূর্ণ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। জাতীয় দলের হয়ে শেষ পাঁচ ম্যাচে ছয় গোল করা ডি ব্রুইনের অনুপস্থিতি বড় ধাক্কা হয়ে আসছে কোচ ডোমেনিকো টেডেস্কোর জন্য।











































