সংগৃহীত ছবি
অভিনয় দুনিয়ায় পা রাখার পাশাপাশি প্রসাধনী পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও বিনোদন দুনিয়ার লাইমলাইটে শাহরুখকন্যা সুহানা খান। তবে তারকা সন্তান হওয়ায় ‘নেপোকিড’ কটাক্ষও শুনতে হয়েছে তাকে। পুত্র আরিয়ান খানকে পরিচালক হিসেবে পরিচয় করানোর পর এবার কিং খানের চোখ মেয়ের বলিউড অভিষেকের দিকে!
‘কিং’ সিনেমার সুবাদে সেই ইচ্ছেপূরণ করতে চলেছেন বলিউড বাদশা। মেয়ের বলিউড অভিষেকের জন্য কোনোরকম কমতি রাখছেন না তিনি, ‘কিং’-য়ের হাইভোল্টেজ ঝলকই তার প্রমাণ।
কারণ এই ছবিতে সুহানার ‘রক্ষাকর্তা’ হিসেবে ধরা দেবেন শাহরুখ।
টিজার প্রকাশ্যে আনার প্রাক্কালে বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে সুহানা এক টুইটে লিখেছিলেন, ‘বাদশার রাজকন্যা’। আর সেই পোস্ট শেয়ার করেই মেয়েকে বিশেষ উপদেশ দিলেন শাহরুখ খান।
এক্স হ্যান্ডেলে মেয়ের পোস্ট শেয়ার করে শাহরুখ যা লিখলেন, তাতে বাবা-মেয়ের মিষ্টি বন্ধুত্বের সমীকরণও খুঁজে পেলেন অনুরাগীরা। বাদশা লেখেন, ‘খুব ভালোবাসি তোমাকে। তবে ব্ল্যাক কফি খাওয়ার অভ্যাসটা কমাও। কারণ তুমি এখনও ছোট।’
সুহানার উদ্দেশে লেখা শাহরুখের এমন টুইট আপাতত অন্তর্জালে ভাইরাল।অনুরাগীরা বলছেন, ‘হাজারও ব্যস্ততা সত্ত্বেও সন্তানের ছোটখাট অভ্যাস নজর এড়ায় না শাহরুখের। এখানেই তো তিনি সবার থেকে আলাদা।’ কেউ বা বললেন, ‘শত ব্যস্ততা সত্ত্বেও পরিবারকে কীভাবে আগলে রাখা যায়, সেই পাঠ বাদশার কাছ থেকে নেওয়া উচিত।’









































