স্কটিশ গোলরক্ষক ক্রেইগ গর্ডন। ছবি : রয়টার্স
দুই দশকেরও বেশি সময়ের অপেক্ষা, হতাশা আর চোটঝড় পেরিয়ে অবশেষে বিশ্বকাপে খেলার সামনে দাঁড়িয়ে ৪২ বছর বয়সী স্কটিশ গোলরক্ষক ক্রেইগ গর্ডন। ডেনমার্কের বিপক্ষে নাটকীয় ৪-২ জয়ে স্কটল্যান্ড যখন ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করল, তখন আবেগ ধরে রাখতে পারেননি এই অভিজ্ঞ গোলরক্ষক।
গর্ডন জানান, চলতি মৌসুম শুরুর আগেই তিনি অবসরের কথা ভেবেছিলেন। কিন্তু স্কটিশ কোচ স্টিভ ক্লার্ক তাকে আরও এক বছর খেলার জন্য রাজি করান।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে গর্ডন বলেন, “আমি প্রায় অবসর নিয়েই ফেলছিলাম। স্টিভ ক্লার্কই আমাকে বলেছিলেন, ‘আরো এক বছর খেলো, তোমাকে দরকার হতে পারে।’ আজকের এই মুহূর্ত, আমার আগের সব কষ্ট, সব ব্যর্থতা, ২০ বছরের অপেক্ষার মূল্য পরিশোধ করে দিয়েছে।”
গর্ডন বলেন, ‘সাতশ, আটশ ম্যাচ…যাই হোক না কেন, আজকের এই একটাই মুহূর্ত সবকিছুকে ছাড়িয়ে গেল।
’
স্কটল্যান্ডের এই অবিশ্বাস্য জয় শুধু বিশ্বকাপে উত্তরণ নয়, বরং তাদের দীর্ঘ ২৮ বছরের অপেক্ষা অবসান। আর এই গল্পকে রূপকথায় পরিণত করেছে ক্রেইগ গর্ডনের দুই দশকের চেষ্টা।











































