কামিন্স-হ্যাজলউড কি খেলবেন অ্যাশেজের দ্বিতীয় টেস্ট? জানালেন অস্ট্রেলিয়া কোচ

পার্থে প্রথম টেস্ট জিতে অ্যাশেজ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেডের দুর্দান্ত সেঞ্চুরিতে দ্বিতীয় দিনেই ম্যাচ জিতে নেয় অজিরা। তবে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারেননি। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন স্টিভেন স্মিথ।

এবার দ্বিতীয় টেস্টকে সামনে রেখে স্বস্তির খবর দিলেন অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। জানালেন, কামিন্সের চোটের অবস্থা অনেকটাই ভালো এবং ব্রিসবেন টেস্টের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ম্যাকডোনাল্ড বলেন, ‘এই টেস্টের আগে আমাদের প্রকৃত আলোচনা হবে। এখনো একটু কাজ বাকি আছে, তবে সবকিছুই খুব পজিটিভ।

তার রিকভারি প্রায় শেষের দিকে।’

তিনি আরো জানান, প্রথম টেস্টের চতুর্থ দিনে নেটে বল করার কথা ছিল কামিন্সের, কিন্তু ম্যাচ আগেই শেষ হয়ে যাওয়ায় এবং ব্রিসবেনে ভ্রমণের কারণে তা পিছিয়ে গেছে। ‘চতুর্থ দিনে তার বল করার কথা ছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। ভ্রমণের কারণে সেটা সোমবার থেকে মঙ্গলবারে পিছিয়েছে।

তাকে আবার নেটে দেখলেই আমরা তার ফেরার সম্ভাবনা নিয়ে পরিষ্কার ধারণা পাব,’—বলেন কোচ।

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে জশ হ্যাজলউডকে নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তাও দূর করলেন ম্যাকডোনাল্ড। জানালেন, পুরো সিরিজ থেকে ছিটকে যাননি তিনি। সিরিজের শেষের দিকেই তাকে দলে পাওয়া যেতে পারে।

তার ভাষায়, ‘আমি মনে করি না সে পুরো সিরিজ থেকে ছিটকে গেছে।

রিহ্যাব চলছে, সময়মতো আমরা আপডেট দেব। সিরিজের কোনো এক পর্যায়ে সে ফিরতে পারবে।’

প্রথম টেস্টে কামিন্স ও হ্যাজলউডের জায়গায় দলে ছিলেন ব্রেন্ডন ডগেট ও স্কট বোল্যান্ড। ডগেট অভিষেকেই পাঁচ উইকেট নিয়ে নজর কেড়েছেন। তবে বোল্যান্ড ছিলেন সবচেয়ে ব্যয়বহুল বোলার।

LEAVE A REPLY