১৪ বছরের সূর্যবংশী ভারতের অধিনায়ক

বৈভব সূর্যবংশী

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশী। ৩ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত তিন ম্যাচের এই সিরিজ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার বেনোনিতে অবস্থিত উইলোমুর পার্কে। নিয়মিত অধিনায়ক আয়ুষ মাহাত্রে না থাকায় নেতৃত্বের ভার পড়েছে সূর্যবংশীর কাঁধে। সহ-অধিনায়ক করা হয়েছে অ্যারন জর্জকে।

একই সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দক্ষিণ আফ্রিকা সফরের দল ও আসন্ন আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ-এর জন্য ভারত স্কোয়াড ঘোষণা করেছে। সাম্প্রতিক সময়ে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই অধিনায়কত্ব পেয়েছেন সূর্যবংশী। ২০২৫ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে ব্যাপক আলোচনায় এসেছিলেন তিনি।

চোটের কারণে এই সফর থেকে ছিটকে গেছেন আয়ুষ মাহাত্রে ও বিহান মালহোত্রা।

কবজির চোটে ভোগা এই দুই ক্রিকেটার চিকিৎসা ও পুনর্বাসনের জন্য বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সে রিপোর্ট করবেন এবং সুস্থ হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে দলে যোগ দেবেন।

বিজয় হাজারে ট্রফিতে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ওঠেন সূর্যবংশী। রাঁচিতে অরুণাচল প্রদেশের বিপক্ষে বিহারের হয়ে মাত্র ৩৬ বলে শতক হাঁকান তিনি, যা ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম লিস্ট ‘এ’ সেঞ্চুরি। সেই ম্যাচে তার ৮৪ বলে ১৯০ রানের ইনিংসে (১৬ চার ও ১৫ ছক্কা) বিহার পায় ৩৯৭ রানের বিশাল জয়।

এই পারফরম্যান্সের ধারাবাহিকতায় ২০২৫-২৬ মৌসুমের রঞ্জি ট্রফির প্রথম দুই রাউন্ডের জন্য বিহার দলের সহ-অধিনায়কও করা হয়েছে সূর্যবংশীকে। দলে অধিনায়ক হিসেবে থাকছেন সাকিবুল গনি।

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারত অনূর্ধ্ব-১৯ দল

বৈভব সূর্যবংশী (অধিনায়ক), অ্যারন জর্জ (সহ-অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞ কুণ্ডু (উইকেটকিপার), হারভাংশ সিং (উইকেটকিপার), আর এস অম্বরিশ, কণিষ্ক চৌহান, খিলান এ. প্যাটেল, মোহাম্মদ এনান, হেনিল প্যাটেল, ডি. দীপেশ, কিশান কুমার সিং, উধব মোহন, যুবরাজ গোহিল, রাহুল কুমার।

LEAVE A REPLY