শুধু বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে নয়, প্রতিভাবান খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে অবদান রাখুক এমন চাওয়া এবিজি স্পোর্টস সিটির। টুর্নামেন্ট থেকে প্রতিভাবান খেলোয়াড় বের করে ভবিষ্যতে নিজেদের ক্রিকেট দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে এবিজি।
এজন্য দীর্ঘমেয়াদি বাছাই ও পরিচর্যার প্রক্রিয়া গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি। পাশাপাশি তরুণ-তরুণীদের কর্মসংস্থানের উদ্যোগও নিচ্ছে এবিজি স্পোর্টস সিটি। আজ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে এবিজি ইউনিভার্সিটি কাপের ফাইনালে উপস্থিত হয়ে এমনটি জানিয়েছেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান।
সোনারগাঁও ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ফাইনাল চলাকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা চাই দেশের তরুণ সমাজ খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকুক। এবিজি স্পোর্টস সিটিতে কর্মসংস্থানেরও অনেক সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এ ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের যোগাযোগ তৈরি হচ্ছে। আমরা আশা করছি, এর মাধ্যমে এবিজি স্পোর্টস সিটিতে অনেক তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ হবে।’
বিশ্ববিদ্যালয় ক্রিকেটে প্রতিভার সন্ধান মিলবে এমন আশা ব্যক্ত করেছেন ইমরুল। তার বিশ্বাস, যথাযথ পরিচর্যা পেলে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্রিকেটারদের অনেকেই ঘরোয়া ক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন। তিনি বলেন, ‘আজকের ফাইনালে আপনারা দেখেছেন, কয়েকজন ব্যাটসম্যান খুব ভালো ব্যাটিং করছে। তাদের যথাযথভাবে গাইড করা গেলে হয়তো শুরুতে জাতীয় দলে না হলেও অন্তত প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারে। তাদের পরিচর্যা করা গেলে ভবিষ্যতে জাতীয় দলেও সার্ভিস দিতে পারবে।’
বসুন্ধরা কিংসের মাধ্যমে ফুটবলে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছি আমরা। এবার ক্রিকেটেও আসার পরিকল্পনার কথা জানিয়ে ইমরুল বলেন, ‘বসুন্ধরা কিংসের ফুটবল দল রয়েছে। পাশাপাশি আমরা ভবিষ্যতে ক্রিকেটেও আসব। আমাদের ইচ্ছে, এই টুর্নামেন্ট থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে দীর্ঘমেয়াদি বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতে আমাদের ক্রিকেট দলে অন্তর্ভুক্ত করা।’
আগামী জানুয়ারিতে অন্তত ৩২টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে বলে জানান ইমরুল হাসান। তিনি বলেন, ‘আগামী জানুয়ারিতে অন্তত ৩২টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের। বিশ্ববিদ্যালয়ের সংখ্যা আরো বাড়তে পারে। পর্যায়ক্রমে এই আয়োজনের পরিসর আরো বাড়ানো হবে।’









































