ছবি : ফেসবুক থেকে সংগৃহীত।
আর্জেন্টিনা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পর পাল্টা পদক্ষেপ নিয়েছে তেহরান। এবার আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে ইরান।
বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। ২০১৯ সালে পাস হওয়া ‘পারস্পরিক পদক্ষেপ’ আইনের কথা উল্লেখ করে দেশটি জানায়, পাল্টা ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এ সিদ্ধান্তের ফলে যেসব পরিণতি তৈরি হবে, তার দায় আর্জেন্টিনা সরকারকেই নিতে হবে।
চলতি বছরের এপ্রিলে আর্জেন্টিনা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডসকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করে।এর পেছনে ১৯৯৪ সালে বুয়েনস আইরেসের একটি ইহুদি কমিউনিটি সেন্টারে বোমা হামলার ঘটনা উল্লেখ করা হয়। ওই হামলায় ৮৫ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হন।
আর্জেন্টিনা ওই হামলার জন্য ইরান ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে দায়ী করে আসছে। তবে ইরান বরাবরই এ হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।











































