ভোট উৎসবে নিরব, জানালেন প্রত্যাশার কথা

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশজুড়ে উৎসবের আবহে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন চিত্রনায়ক নিরব হোসাইন। 

নিরব ঢাকা-১৫ আসনের ভোটার। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর প্রায় ১টার দিকে রাজধানীর সেন্ট লরেন্স স্কুল কেন্দ্রে ভোট দেন তিনি। 

ভোট শেষে এই অভিনেতা জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে তিনি ভোট দিতে পেরেছেন।

কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

নতুন সরকারের কাছে প্রত্যাশার কথা জানিয়ে নিরব বলেন, “যে সরকারই নির্বাচিত হয়ে আসুক, তারা যেন অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভালো কিছু করে। আমাদের দেশে অনেক মেধা ও সম্পদ রয়েছে। সেগুলো সঠিকভাবে কাজে লাগিয়ে দেশকে আরো এগিয়ে নেওয়া সম্ভব।”

তিনি আরো বলেন, “টেক্সটাইল খাত থেকে শুরু করে ক্রিকেট কিংবা আমাদের চলচ্চিত্র— সব ক্ষেত্রেই দ্রুত অগ্রগতি দেখতে চাই। পরিকল্পিত উদ্যোগ ও সঠিক নেতৃত্ব থাকলে বাংলাদেশ আরো অনেক দূর এগিয়ে যেতে পারবে।”

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে সাধারণ ভোটারদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকাদের উপস্থিতি চোখে পড়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তাব্যবস্থার মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

LEAVE A REPLY