‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রে সাই পল্লবীকে যোদ্ধা হিসেবে দেখানো হয়েছে। প্রচলিত সীতা চরিত্রের বাইরে তার এমন শক্তিশালী রূপ সামনে আসার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে।কেন সীতাকে এভাবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে প্রশ্নও উঠেছে। এবার এর ব্যাখ্যা দিয়েছেন সিনেমার পরিচালক নিতেশ তিওয়ারি। তার দাবি, রামায়ণের একাধিক সংস্করণে সীতার এমন যোদ্ধা রূপের উল্লেখ রয়েছে।
নিতেশ তিওয়ারি জানান, রামায়ণের সব সংস্করণে সীতাকে একইভাবে উপস্থাপন করা হয়নি।বিভিন্ন ভাষা ও সময়ে রচিত রামায়ণের কাহিনিতে সীতার ভিন্ন ভিন্ন রূপ পাওয়া যায়। এর মধ্যে সংস্কৃত ‘অদ্ভুত রামায়ণ’ এবং ১৫ শতকের ওড়িয়া ‘বিলঙ্কা রামায়ণ’-এ সীতার এক শক্তিশালী ও ভয়ংকর রূপের বর্ণনা রয়েছে। সেই কাহিনিগুলো থেকেই সিনেমায় সীতার যোদ্ধা সত্তা তুলে ধরার ভাবনা এসেছে।
‘অদ্ভুত রামায়ণ’-এর কাহিনিতে রাবণের পাশাপাশি সহস্র রাবণ নামে আরো শক্তিশালী এক অসুরের উল্লেখ রয়েছে।তার সঙ্গে যুদ্ধে রাম বিপর্যস্ত হয়ে পড়েন। তখন সীতা মহাকালীর রূপ ধারণ করেন। এই রূপে তিনি সহস্র রাবণকে বধ করেন। ‘বিলঙ্কা রামায়ণ’-এও সীতার এমন বীরত্বপূর্ণ ভূমিকার বর্ণনা পাওয়া যায়। অর্থাৎ, এসব কাহিনিতে সীতা শুধু রামের সহধর্মিণী নন, প্রয়োজনে অসুরবিনাশী শক্তিরূপেও আবির্ভূত হন।
তবে সীতার এই উপস্থাপনা নিয়ে ভিন্নমতও সামনে এসেছে। রামায়ণ সিরিজে সীতার চরিত্রে অভিনয় করা দীপিকা চিকলিয়া বলেছেন, বাল্মীকি ও তুলসীদাসের রামায়ণে এমন ঘটনার কথা তার মনে পড়ে না। তবে রামায়ণের যে অসংখ্য সংস্করণ রয়েছে, সেটিও স্বীকার করেছেন তিনি। ফলে কোন সংস্করণের কাহিনি অনুসরণ করে সিনেমায় সীতার এই রূপ দেখানো হচ্ছে, তা নিয়েই মূলত আলোচনা তৈরি হয়েছে।
ভারতীয় মহাকাব্য রামায়ণের কাহিনি বিভিন্ন সময়ে বিভিন্ন ভাষায় ও অঞ্চলে নতুনভাবে বর্ণিত হয়েছে। কোথাও মূল কাহিনির সঙ্গে মিল থাকলেও চরিত্র ও ঘটনার বিবরণে পার্থক্য দেখা যায়। সীতার যোদ্ধা রূপও তেমনই একটি ভিন্ন বর্ণনার অংশ। নিতেশ তিওয়ারির বক্তব্য, সিনেমায় সেই সংস্করণগুলোর একটি দিক তুলে ধরা হচ্ছে।
এদিকে সিনেমাটি মুক্তির পর বক্স অফিসেও ভালো সাড়া পাচ্ছে। মুক্তির নবম দিনে ভারতে ছবিটির নেট আয় দাঁড়িয়েছে ৬১২ কোটি ৭০ লাখ রুপি। বিশ্বজুড়ে আয় ছাড়িয়েছে ১ হাজার ১১১ কোটি রুপি।










































