জিনেদিন জিদান
ফ্রান্সের ফুটবলে বড় পরিবর্তনের আভাস মিলছে। দেশটির কিংবদন্তি তারকা জিনেদিন জিদান ২০২৬ সালের বিশ্বকাপ শেষে ফরাসি জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন বলে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
খবরে বলা হয়েছে, ফ্রেঞ্জ ফুটবল ফেডারেশন (এফএফএফ)-এর সঙ্গে ইতিমধ্যে মৌখিক সমঝোতায় পৌঁছেছেন জিদান। তিনি বর্তমান কোচ দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হবেন।
দেশমের অধীনে ফ্রান্স টানা দুই বিশ্বকাপের ফাইনালে খেলেছে এবং ২০১৮ সালে শিরোপা জিতেছে।
১৯৯৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো জিদান দেশের অন্যতম সফল ফুটবলার। ২০০৬ বিশ্বকাপেও তিনি দলকে ফাইনালে তুলেছিলেন। অবসর নেওয়ার পর কোচিং ক্যারিয়ারেও সমান সফলতা পান তিনি।
সবশেষ তিনি স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন। দুই দফায় দায়িত্ব পালন করে জিতেছেন ১১টি বড় শিরোপা। এর মধ্যে রয়েছে টানা তিনটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা।
এর আগে এক অনুষ্ঠানে জিদান বলেছিলেন, তিনি ভবিষ্যতে জাতীয় দলের কোচ হতে চান।
সেই ইচ্ছাই এবার বাস্তবায়নের পথে।











































