আইপিএল থেকে ‘স্বেচ্ছায় নির্বাসনে’ ম্যাক্সওয়েল

আইপিএল থেকে অনির্দিষ্টকালের জন্য সরে দাঁড়িয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল

পড়তি ফর্মের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অনির্দিষ্টকালের জন্য সরে দাঁড়িয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। 

৬ ম্যাচে ৩২ রান। ম্যাক্সওয়েলের দলও টানা হেরে চলেছে। ৭ ম্যাচে হার বেঙ্গালুরুর।

পয়েন্ট টেবিলের তলানিতে ফাফ ডু প্লেসির দল। নিজের এমন ফর্মের প্রভাব যেন দলে না পড়ে এ জন্য অধিনায়ক ডু প্লেসি ও কোচদের সঙ্গে কথা বলেছেন ম্যাক্সওয়েল।

বিরতি নিয়ে ম্যাক্সওয়েল বলেন, ‘আগের ম্যাচ (মুম্বাইয়ের বিপক্ষে) শেষে ফাফ ও কোচদের কাছে গিয়ে বলেছি, আমার মনে হচ্ছে সম্ভবত অন্য কাউকে সুযোগ দেওয়ার এটাই সময়। ব্যক্তিগতভাবে আমার জন্য এই সিদ্ধান্ত নেওয়া খুব সহজ ছিল।

নিজে স্বেচ্ছায় নির্বাসনে গিয়ে সেখানে অন্য কেউ সুযোগ পেলে লুফে নেবেন বলে বিশ্বাস ম্যাক্সওয়েলের, ‘এ ধরনের পরিস্থিতিতে আমি আগেও পড়েছি। যত বেশি খেলেছি, পরিস্থিতি আরো খারাপের দিকে গিয়েছে। তাই আমি অনুভব করেছি, নিজেকে একটু মানসিক ও শারীরিকভাবে বিশ্রামে রাখা প্রয়োজন, যেন আমার শরীর আবারও ঠিকঠাক সাড়া দেয়। আমি মনে করি, অন্য কাউকে সুযোগ দেওয়ার এটা ভালো সময়।

আশা করি, সে তার সক্ষমতা দেখিয়ে দলে জায়গা পাকাপোক্ত করবে।’

নিজের বাজে ফর্ম প্রসঙ্গে বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে এমনটা হতে পারে। এটা পরিবর্তনশীল একটা খেলা। প্রথম ম্যাচের কথাই যদি বলি, বল কিন্তু আমার ব্যাটের মাঝ বরাবর লেগেছিল। এরপরও বল কিপারের হাতে গেছে।

রান করার সুযোগ আছে দেখে আমি একটু আগেই শট খেলে ফেলেছিলাম। সময় আমার পক্ষে থাকলে বল (কিপারের) গ্লাভসের অনেক দূর দিয়ে যেত। প্রথম বলেই আমি বাউন্ডারি পেয়ে যেতাম। টুর্নামেন্টের শুরুটাও ভালো হতো। কিন্তু সেটা হয়নি।’


LEAVE A REPLY