বৃষ্টির মধ্যেই হলো টস, পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ শুরু হতে দেরি

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে টসের মুহূর্ত। আজ কলম্বোয়। ছবি: আইসিসি

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পিচের পাশে সালমান আলী আগা ও মিচেল স্যান্টনার যখন টস করতে দাঁড়িয়ে গেলেন, তখনই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। কয়েক সেকেন্ড পরেই তা ঝুম বৃষ্টিতে পরিণত হলো। 

দুই অধিনায়ক টস শেষে ড্রেসিং রুমে ফেরার পরপরই পুরো মাঠ কাভারে ঢেকে দেওয়া হলো। শেষ পর্যন্ত পূর্বাভাসটাই সত্যি হলো।

বৃষ্টির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান-নিউজিল্যান্ড সুপার এইট পর্বের প্রথম ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে। 

শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস ও তথ্য সেবাদানকারী প্রতিষ্ঠান অ্যাকুওয়েদার জানিয়েছিল, শ্রীলঙ্কার কলম্বোয় আজ সন্ধ্যায় বৃষ্টিপাতের সম্ভাবনা ৮৭%। আর এখন সেটি পুরোপুরি সত্যি।

বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে ৭টায় পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। ক্রিকবাজের সর্বশেষ খবর অনুযায়ী, কলম্বোয় এখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। 

kk
বৃষ্টির কারণে প্রেমাদাসা স্টেডিয়ামের মাঠ কাভারে ঢাকা। ছবি: আইসিসি

তবে ভালো ব্যাপার হলো, প্রেমাদাসা স্টেডিয়ামের পানিনিষ্কাশন ব্যবস্থা অত্যাধুনিক।

ভারী বৃষ্টি সামাল দিতে মাঠকর্মীদের কার্যপদ্ধতি নির্ধারিত এবং তারা বিশেষভাবে প্রশিক্ষিত। আন্তর্জাতিক অনেক ভেন্যুতে শুধু পিচ ও এর আশপাশ ঢেকে রাখা হলেও প্রেমাদাসায় পুরো মাঠ ঢাকার মতো পর্যাপ্ত কাভার আছে। এতে বৃষ্টির পানি মাঠে জমে যাওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়।

পুরোপুরি বৃষ্টি থামার কয়েক মিনিটের মধ্যেই প্রেমাদাসার মাঠ খেলার উপযোগী করে তোলা যায়। তবে দীর্ঘ অপেক্ষা শেষেও যদি বৃষ্টি না থামে, তাহলে এই ম্যাচ পরিত্যক্ত হবে।

পাকিস্তান ও নিউজিল্যান্ড ১ পয়েন্ট করে পাবে। 

আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তাদের দলে এসেছে একটি পরিবর্তন। খাজা নাফের জায়গায় খেলছেন ফখর জামান। 

নিউজিল্যান্ডের একাদশে এসেছে তিনটি পরিবর্তন। সুস্থ হয়ে ফিরেছেন অধিনায়ক মিচেল স্যান্টনার। খেলছেন ইশ সোধি ও লকি ফার্গুসনও। বাদ পড়েছেন কোল ম্যাককনকি, জ্যাকব ডাফি ও কাইল জেমিসন।

পাকিস্তানের একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলী আগা (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, উসমান খান (উইকেটরক্ষক), শাদাব খান ফাহিম আশরাফ, মোহাম্মদ নেওয়াজ, সালমান মির্জা ও উসমান তারিক।

নিউজিল্যান্ডের একাদশ: ফিন অ্যালেন, টিম সাইফার্ট (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, ইশ সোধি ও লকি ফার্গুসন।

LEAVE A REPLY