ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো। ছবি : সংগৃহীত
উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াড প্রায় চূড়ান্ত বলে জানিয়েছেন দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তিনি নিশ্চিত করেছেন, অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো থাকছেন তার ২৬ সদস্যের চূড়ান্ত দলে।
সোমবার যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি দানিলোর প্রশংসায় ভাসেন। তার মতে, দানিলো শুধু মাঠেই নয়, দলের ভেতরেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তিনি বলেন, ‘দানিলো খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তার অভিজ্ঞতা, নেতৃত্ব এবং বহুমুখী খেলার ক্ষমতা আমাদের জন্য বড় সম্পদ।’
৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর হয়ে খেলছেন। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৬৭টি ম্যাচ খেলেছেন তিনি।
ডিফেন্সের একাধিক পজিশনে খেলার সক্ষমতা থাকায় কোচের পরিকল্পনায় দানিলো একটি নির্ভরযোগ্য নাম।
আনচেলত্তি আরো জানান, তার দলের মূল কাঠামো ইতোমধ্যেই নির্ধারিত। প্রথম ম্যাচের একাদশ নিয়েও তার পরিষ্কার ধারণা রয়েছে। আগামী ১৮ মে ঘোষণা করা হবে চূড়ান্ত দল।
এবারের বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে নামতে যাওয়া ব্রাজিলের জন্য শক্তিশালী রক্ষণভাগ গড়ে তোলাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন এই ইতালিয়ান কোচ।
আনচেলত্তি আরো যোগ করেন, ‘শুধু আক্রমণ দিয়ে বিশ্বকাপ জেতা সম্ভব নয়। ভালো রক্ষণই সাফল্যের চাবিকাঠি।’
ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার লক্ষ্য নিয়ে এগিয়ে চলা ব্রাজিল দলে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় ঘটাতে চান আনচেলত্তি, যেখানে দানিলোর মতো অভিজ্ঞদের ভূমিকা হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।









































